অনলাইন ডেস্ক: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের সময় দায়িত্ব পালনকালে আগামীনিউজডটকম নামে একটি নিউজপোর্টালের সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার ঘটনায় ইসমাইল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মোহাম্মদপুর থানা পুলিশের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আলতাফ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাতে রাজধানীর রায়েরবাজার এলাকার বুদ্ধিজীবী সড়কের একটি বাসা থেকে ইসমাইলকে আটক করে থানায় আনা হয়। এরপর সুমনের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
বৃহস্পতিবার তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, ঘটনার ভিডিও ফুটেজ, ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী হামলাকারীদের শনাক্তে কাজ করা হচ্ছে। সব আসামি ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে ১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরের রায়েরবাজার জাফরাবাদ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ মোহাম্মদ হোসেন খোকনের সশস্ত্র বাহিনীর মহড়ার ছবি তোলায় সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার মাথায় ছয়টি সেলাই দেয়া হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়।



