সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, দালাল আটক

52
সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, দালাল আটক

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৮ এপ্রিল সোমবার দুপুরে দুদক কর্মকর্তারা আকস্মিক এ অভিযান চালায়। অভিযানের সময় চিহ্নিত পাসপোর্ট অফিসের দালাল শহিদুল আলমকে আটক করে দুদক কর্মকর্তারা।

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে তিনি জানান, সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের মাধ্যমে বাড়তি দুই হাজার টাকা নেওয়া হয় এমন অভিযোগ রয়েছে। এছাড়া বাড়তি ওই দুই হাজার টাকা ছাড়া সাধারণ জনগণ পাসপোর্ট করতে পারেন না এমন অভিযোগে অভিযান চালানো হয়েছে।

অভিযানকালে এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে। শহিদুল আলম নামের এক চিহ্নিত দালালকে আটক করা সম্ভব হলেও বাকিরা দৌড়ে পালিয়ে যায়।

দুদক কর্মকর্তা তরুণ কান্তি ঘোষ আরও বলেন, পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আকরামুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আটক দালাল শহিদুল আলমকে দুই হাজার টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়। এছাড়া পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সর্তক করা হয়েছে।