রাজবাড়ি সড়ক দুর্ঘটনায় নগরঘাটার মেয়েসহ নিহত-৪ আহত-১৭

39

মোঃ মামুন হোসেন : শনিবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কের রাজবাড়ীর আহলাদীপুরের জামাই পাগল মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গ্রীনবাংলা পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হন তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য মোছাঃ তাছলিমা বেগমের ছোট মেয়ে আসমা খাতুন ডলি (৩৫) সহ মোট ৪জন। আহত হন তার সাথে থাকা তার ছোট ছেলে ও মেঝো ভাই লিপনসহ ১৭জন। তিনি ছেলে ও মেঝোভাইকে নিয়ে গত ৩ মে স্বামীর (তৌহিদ) কর্মস্থল ঢাকার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করেন।

পথিমধ্যে ফরিদপুরের রাজবাড়ি পৌছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে আসমা খাতুন ডলিসহ মোট ৪ জন নিহত ও আহত হয় আরো ১৭ জন। আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।

আহতরা হলেন- রবিউল ইসলাম (২৬), আল আমিন (২৫), ইকবাল হোসেন (৩০), গোলাম মহিউদ্দিন খাজা (৫৫), আবুল হোসেনসহ (৫৭), নুরুজ্জামান (৪৫), আবুল হোসেন (৫০), মহিউদ্দিন (৫০), লিপন (৪০), তাসনিম (৫), আনিস (৪২), ইকবাল (৩০), আনোয়ার (৪৫), নুর ইসলাম (৪০) এবং অজ্ঞাত আরো পাঁচজন। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় হতাহতদের সকলের বাড়ি সাতক্ষীরা ও যশোর জেলার কালিগঞ্জ, কলাপাড়া ও সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন স্থানে।

ডলি নিহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার শশুরবাড়ি সাতক্ষীরা সদরের বল্লী গ্রাম ও বাপেরবাড়ি তালার নগরঘাটা গ্রামে। নিহত ডলি দুই কন্যা ও এক পুত্রসন্তানের জননী।

পোষ্টমর্টাম শেষে নিহতের লাশ ৪মে রাত ৯ ঘটিকার সময় নগরঘাটা গ্রামে পৌছায়। নিহতের মা তাছলিমা বেগম মেয়ের শোকে বার বার জ্ঞান হারাচ্ছেন ও বাবা মাজেদ বিশ্বাস ছিলেন নির্বাক, হতভম্ব। সড়ক দুর্ঘটনায় নিহতের মুখ শেষ বার দেখার জন্য বাড়িতে ভিড় জমাচ্ছেন আত্বীয়-স্বজনেরা।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মুজমদার জানান, শনিবার সকালে দৌলতদিয়া থেকে যমুনা সেতুগামী সাতক্ষীরা জেলার গ্রিন বাংলা পরিবহনের একটি বাস রাজবাড়ীর আহলাদীপুরের জামাই পাগল মাজার গেটের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে রাজবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থলেই তিন বাসযাত্রী নিহত হন। এ সময় আহত ১৭ বাসযাত্রীকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: দীপক কুমার জানান, বাস দুর্ঘটনায় আহতদেরকে জরুরি বিভাগে আনার পর তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ সময় আসমা খাতুন ডলি নামে এক নারীযাত্রী মারা যান।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরো স্বপন কুমার মজুমদার জানান, নিহতদের সুরতহাল রিপার্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।