মান্দায় মাদ্রাসা সুপারকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ

57

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার চকবাবন বৈলশিং দাখিল মাদ্রাসার সুপারকে হেনস্তা করতে মিথ্যা অভিযোগ করেছেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি লতিফুল ইসলাম বারী।

জানা গেছে, গত কয়েকদিন আগে মাদ্রাসার কোন এক বিষয় নিয়ে সভাপতির সঙ্গে মাদ্রাসা সুপার আব্দুল মজিদ এর বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে মাদ্রাসা সুপার আব্দুল মজিদকে হেনস্তা করতে মিথ্যা অভিযোগ এনে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলে এলাকায় গুঞ্জন উঠেছে। অভিযোগে উল্লেখ আছে, মাদ্রাসা সুপার নাকি নিষিদ্ধ সংগঠন জামায়াতে ইসলামীর লোকজনকে সভা করার জন্য মাদ্রাসা কক্ষ দিয়ে সহায়তা করেছেন। এছাড়াও অর্থ আত্মসাৎ, এককভাবে এ্যাডহক কমিটি গঠনের চেষ্টা ও জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি অফিস কক্ষে না টাঙ্গানো এবং বিভিন্ন জাতীয় দিবস পালন না করার অভিযোগ এনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডসহ বিভিন্ন দপ্তরে অভিযোগের অনুলিপি প্রেরণ করেন।

অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ও ইন্সপেক্টর (তদন্ত) তারেকুর রহমান সরকার মাদ্রাসা পরিদর্শনে যান। মাদ্রাসায় যাওয়ার পর অভিযোগের সাথে ঘটনার কোন মিল না থাকায় প্রাথমিক তদন্ত করে ফিরে আসেন।

ভুক্তভোগী মাদ্রাসা সুপারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি কুচক্রী মহল অত্র প্রতিষ্ঠানের মান ক্ষুন্ন করতে এবং আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ আনয়ন করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন এর সাথে যোগাযোগ করা হলে অভিযোগের সত্যতা স্বীকার করে তিনি বলেন, প্রতিষ্ঠানের অফিস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি না টাঙ্গানোর অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে রাষ্ট্রবিরোধী কোন কর্মকান্ডে লিপ্ত থাকলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।