মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হকের সঙ্গে মতবিনিময় করেছেন মান্দা প্রেসক্লাবের সাংবাদিকরা। শনিবার বেলা ১২টার দিকে প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক আব্দুল জব্বার, রেজাউল ইসলাম, জিল্লুর রহমান, পলাশ চন্দ্র সরকারসহ প্রিন্ট ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হক বলেন, মান্দাকে মডেল দৃষ্টিনন্দন উপজেলা হিসেবে গড়ে তুলতে সবধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে। উপজেলা সদর প্রসাদপুর বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনাসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পয়:নিষ্কাশন, গণসৌচাগার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে।
এ সময় যানজটমুক্ত রাস্তা নির্মাণসহ মাদক সেবন ও বেচাকেনা কঠোর হাতে দমন করার অভিমত ব্যক্ত করেন তিনি। এজন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।


