মান্দায় দু’বছরেও মেরামত হয়নি শিব নদীর ভেঙ্গে যাওয়া বেরিবাঁধ

প্লাবিত হয়েছে কয়েক লাখ হেক্টর জমির ফসল : ভেসে গেছে পুকুরের মাছ

68
মান্দায় দু’বছরেও মেরামত হয়নি শিব নদীর ভেঙ্গে যাওয়া বেরিবাঁধ

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ গত কয়েক দিনের ভারী বর্ষণ ও উজানে পানি বৃদ্ধির কারণে নওগাঁর মান্দা উপজেলার আত্রাই ও শিব নদীর পানি বৃদ্ধি পেয়েছে। মান্দার শিব নদীর টেংরা নামক স্থানে গত দু’বছর আগে ভেঙ্গে যাওয়া স্থান দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে কয়েক লাখ হেক্টর জমির ফসল। আর ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ।

এতে করে কয়েক হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন। যদিদ্রুত এই ভেঙ্গে যাওয়া অংশ মেরামত না করা হয় তাহলে বন্যার পানিতে আরোও অধিক ক্ষতির আশঙ্কা করছে স্থানীয়রা।

জানা গেছে, নওগাঁর মান্দা উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউনিয়নের শিব নদীর বেরিবাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করে তেঁতুলিয়া ও কালিকাপুর ইউনিয়নের কয়েক লাখ হেক্টর জমির ধান ও অন্যান্য রবি শস্য পানিতে প্লাবিত হয়েছে।

এই ভেঙ্গে যাওয়া অংশটুকুর পাশে রয়েছে রাজশাহী জেলার মোহনপুর ও তানোড় উপজেলার কিছু অংশ। নদীর দক্ষিণ দিকে শিব নদীতে কোন বাঁধ না থাকায় পানিতে প্লাবিত হয় তীর বর্তী ওই গ্রামগুলো। তখন নিজেদের রক্ষা করার জন্য ওই গ্রামের মানুষরা নদীর বেরিবাঁধের টেংরা নামক স্থানে কেটে দেয়। পরে ভেঙ্গে যাওয়া অংশটুকুর মেরামত কাজ ভালো না হওয়ার কারণে পরবর্তিতে তা আবার ভেঙ্গে যায়।

এভাবেই বেরিবাঁধের এই অংশটুকু নিয়ে চলে লুকোচুরির খেলা। কিন্তু গত দু’বছর আগে ভেঙ্গে যাওয়া অংশটুকু মেরামত না করায় সম্প্রতি শিব নদীতে পানি বৃদ্ধি পাওয়াই সেই পানিতে প্লাবিত হয়ে গেছে তেঁতুলিয়া ও কালিকাপুর ইউনিয়নের কয়েক লাখ হেক্টর জমির ধান ও অন্যান্য ফসল। পানিতে ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। এছাড়াও পানি প্রবেশ করে গ্রামীণ কাঁচা রাস্তা-ঘাট তলিয়ে গেছে। প্রতিদিনই যে ভাবে পানি বৃদ্ধি পাচ্ছে এতে করে কয়েকশত গ্রামবাসীরা আতঙ্কে রয়েছে। অপরদিকে শিব নদীর বেরিবাঁধ রক্ষায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান বলেন, স্থানীয়দের কেটে দেওয়ার জন্যই বাঁধের ওই অংশটুকু বার বার ভেঙ্গে যায়। কিন্তু বাঁধটি পাহাড়া দিয়ে রাখা তো আর সম্ভব নয়। তাই স্থানীয়দের আগে সচেতন হতে হবে । এছাড়াও এই অংশটুকু দ্রুত মেরামত করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে বলে জানান।