মান্দায় এসিল্যান্ড না থাকায় ব্যাহত হচ্ছে ভূমি সেবা!

240
মান্দায় এসিল্যান্ড না থাকায় ব্যাহত হচ্ছে ভূমি সেবা!

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় গত কয়েক মাস ধরে উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ড না থাকায় উপজেলার ১৪টি ইউনিয়নের জমির মালিকদের চরম দূর্ভোগ এবং ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানা গেছে। এছাড়াও প্রতিনিয়ত সেবা প্রত্যাশীরা ভূমি অফিসে এসে জমির খাজনা, নামজারি, নামপত্তন, বন্দোবস্ত, ইজারা, খাসজমির কাগজপত্র এবং ডিসিআর পেতে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন। এতে করে ব্যাহত হচ্ছে ভূমি সেবা।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, গত কয়েক মাস পূর্বে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) এস এম হাবিবুল হাসান বদলি হয়ে অন্যত্র চলে যান। এরপর থেকে এ দপ্তরে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আব্দুল হালিম। বদলিজনিত কারণে বর্তমানে পদটি গত কয়েক মাস ধরে শূন্য।

উপজেলা ভূমি অফিসের একাধিক কর্মকর্তা বলেন, ‘জমির দাখিলা কাটা, খাজনা আদায়, খাস জমির ডিসিআর ও মিউটেশন করতে হয় মাসে প্রায় তিন শতাধিক। দীর্ঘদিন এসিল্যান্ড না থাকায় আমরা নানা দূর্ভোগে পড়েছি । দূরদূরান্ত থেকে আসা জমির মালিকদের সময়মতো দাখিলা কেটে সমাধান দিতে পারছি না। অফিসের দপ্তরির কাজও বিঘিœত হচ্ছে। সেইসঙ্গে উপজেলার ১৪টি ইউনিয়নের জমির মালিকরা অফিসে এসে কোনো সমাধান না পেয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছেন।

ভূমি সেবা নিতে আসা গনেশপুর গ্রামের সেকেন্দার আলী মোল্লা বলেন, মান্দা উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ড না থাকায় অফিসের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আমার বাবা খুব অসুস্থ। চিকিৎসা ব্যায় মিটানোর জন্য আমার চাচার কাছে জমি বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। অথচ, জমি খারিজ করতে না পারার কারণে জমিটি হস্তান্তর করতে পারছি না। আর সেজন্য টাকার সংকুলান না হওয়ায় আমরা খুব বেকায়দায় আছি। শুধু আমিই না, আমার মতো ভূমি সেবা নিতে আসা অনেককেই চরম ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। আমরা অতিদ্রুত এর একটা সমাধান চাই।

এ ব্যাপারে দ্রুত একজন এসিল্যান্ড (ভূমি) নিয়োগ দানের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীরা।