মান্দায় এক প্রতিবন্ধীর জমি জবর দখলের অভিযোগ

23
মান্দায় এক প্রতিবন্ধীর জমি জবর দখলের অভিযোগ

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় এক প্রতিবন্ধীর জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার সুফিয়া বাজার এলাকায়। জানা গেছে, মান্দা এবং নিয়ামত পুর উপজেলার সীমান্তবর্তী এলাকা রাজাপুর মৌজার ১৪৮৪ দাগের ১৫ শতাংশ ভিটা জমি প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক টিনের বেড়াদিয়ে দখল করে নিয়েছে।

ভূক্তভোগী ভারশোঁ ইউপির চেরাগপুর গ্রামের বোনা প্রামানিকের তিন ছেলে প্রতিবন্ধী আব্দুল মতিন,তনজেব আলী,আফছার,শমসের আলী এবং এক মেয়ে ফুলঝারি বেগম থানা পুলিশের শরনাপন্ন হয়েও কোন ফল পাচ্ছেন না বলে অভিযোগ করেন। সুফিয়া বাজার এলাকার প্রতিপক্ষ মৃত রমজান আলীর ছেলে লুৎফর রহমান বাটলু এবং আসাদুল ইসলাম, আব্দুস সামাদের ছেলে সামসুল আলম বাগু এবং একরামুল হক আইনকে বৃদ্ধাংঙ্গুলী দেখিয়ে তাদের পৈত্রিক সম্পত্তি দখল করে নিয়েছে বলে জানান ভূক্তভোগীরা।

এঘটনার জের ধরে গত ৭ ফেব্রুয়ারি রাত ১১ টার দিকে বিবাদীরা ওই জমিতে জোরপূর্বকভাবে স্থায়ী বসতবাড়ি তৈরী করার উদ্দেশ্যে ইট দ্বারা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন প্রতিপক্ষের লুৎফর রহমান বাটলু,আসাদুল,সামস্লু এবং একরামুল হক গংরা। গত মঙ্গলবার বিকেলে সরেজমিন গিয়ে প্রতিবন্ধী আব্দুল মতিনের জমি দখল করে প্রাচীর নির্মাণ করতে দেখা গেছে। এছাড়াও ওই জমিতে ইতোপূর্বে ভূক্তভোগীদের নিজস্ব অর্থায়নে নির্মিত একটি দোকানঘর এবং একটি সেলুনও টিনের বেড়া দিয়ে দখল করে নিয়েছে। সেইসাথে ওই মুদি দোকানের লক্ষ- লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তারা।

এ ঘটনায় বোনা প্রামানিকের শারিরিক প্রতিবন্ধী ছেলে আব্দুল মতিন বাদী হয়ে গত ৮ ফেব্রুয়ারি নিয়ামতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ছাড়াও বর্তমানে ওই বিবাদমান জমিটি নিয়ে বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা গেছে। বর্তমানে প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে হুমকি অব্যাহত রেখেছে।

এ ঘটনায় প্রতিপক্ষ মৃত রমজান আলীর ছেলে লুৎফর রহমান বাটলুসহ অন্যান্যরা জমি দখল করে প্রাচীর নির্মাণ করার বিষয়টি অস্বীকার করে বলেন, জমিটি তাদের দখলেই আছে। বর্তমানে জমিটি নিয়ে বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান বলেন, ঘটনাটি জানার পরে তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যাবস্থা গ্রহণের জন্য থানা পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।