মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় এক ইউপি চেয়ারম্যনকে লাঞ্ছিতের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, নওগাঁ জজ কোর্টের সিনিয়র এ্যাডভোকেট আশরাফুল ইসলাম বশির (৫৮) এবং তার বড়ছেলে আসাদুজ্জামান মিলন (৩৫) ।
এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন। আহতরা হলেন, গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল (৪৯), জাহাঙ্গীর আলম (৩৫), রফিকুল ইসলাম (৪০), ইলিয়াস (২৩), আলমগীর হোসেন (৪২) ও আনোয়ার হোসেন (৩২) ও হেলাল হোসেন (৩৮)। এদের মধ্যে হেলাল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউপি চেয়ারম্যান হানিফ উদ্দিন এবং আনোয়ার হোসেন মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানাগেছে।
স্থানীয়রা জানান, চেয়ারম্যানের ওপর হামলার সংবাদ ছড়িয়ে পড়লে ফেরিঘাট সেতুর পূর্বপাশে ব্যক্তিগত চেম্বারে এ্যাডভোকেট বাবা ও তার ছেলে মিলনকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে তারা গাছের গুড়ি ফেলে নওগাঁ-রাজশাহী মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে মহাসড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে স্বাভাবিক হয় যান চলাচল।
ইউপি চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল বলেন, শুক্রবার সকালে দোসতিনা গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ একটি বাড়ি পরিদর্শন করে ফেরিঘাট সেতুর পূর্বধারে বজলুর রশিদের চায়ের স্টলে চায়ের অর্ডার দিয়ে পানি পান করছিলেন। এসময় হঠাৎ করেই কয়েকজন দূর্বৃত্ত উপস্থিত হয়ে তার ওপর হামলা করেন।
অতর্কিত এ হামলায় তিনি হতবাক হয়ে যান। তবে কি কারণে তার ওপর এ হামলা চালানো হয়েছে এ বিষয়ে তিনি কিছুই বলতে পারেননি।
সংবাদ পেয়ে মান্দা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, মান্দা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মতিয়ার রহমান, মান্দা থানার ওসি শাহিনুর রহমান, পরিদর্শক তদন্ত সিদ্দিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, ইউনিয়ন চেয়ারম্যান ফোরামের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমনসহ অন্যান্য চেয়ারম্যানগণ ঘটনাস্থলে ছুটে যান। এসময় সংঘাত এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পরে স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় উত্তেজিত জনতার কবল থেকে প্রায় ৪ ঘন্টা পর অবরুদ্ধ এ্যাডভোকেট বাবা ও তার ছেলেকে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, দীর্ঘ সময় পর অবরুদ্ধ এ্যাডভোকেট বাবা ও তার ছেলেকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।



