মাজবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মান্দার আত্রাই নদীতে বাড়ছে পানি। বর্তমানে মান্দা উপজেলার মধ্যদিয়ে বয়ে যাওয়া আত্রাই নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার মান্দা উপজেলার জোতবাজার পয়েন্টে আত্রাই নদীর পানি এখন বিপদসীমার ১৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উল্লেখ্য,মান্দা উপজেলার বিষ্ণপুর ইউপির চকরামপুর নামক স্থানে বুধবার দুপুরের পর নদীর বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এর পূর্বে মান্দার আত্রাই ও ফকিন্নি নদীর কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভাঙ্গার কারনে হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছেন। এছাড়াও এ উপজেলার মধ্যেদিয়ে বয়ে যাওয়া আত্রায় নদীর উভয় তীরের বন্যানিয়ন্ত্রণ বাঁধের অন্তত:পক্ষে ৫০ টি পয়েন্ট ঝুঁকিপর্ণ হয়ে পড়েছে বলেও জানাগেছে।
২০১৭ সালের বন্যায় চকরামপুর ও কয়লাবাড়ি বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার পরে আর মেরামত করা হয়নি। এতে করে নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে এসব ভাঙ্গনস্থান দিয়ে পানি ঢুকে অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ইতোমধ্যেই নদীর একটি মূলবাঁধ সহ আরো সাতটি বেড়ি বাঁধ ভেঙে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ভাঙ্গনকৃত বেড়ি বাঁধগুলো হলো, পার-নুরুল্যাবাদ , পার-নুরুল্যাবাদ মন্ডলপাড়া, জোঁকাহাট, চকরামপুর, কয়লাবাড়ি, বাইবোল্যা ও পাঁজরভাঙ্গা।
উল্লেখ্য, গত বুধবার দুপুরের পর আত্রাই নদীর মূলবাঁধটি ভেঙ্গে তলিয়ে গেছে ধান, পাট ও সবজির ক্ষেত সহ ভেসে গেছে অনেক পুকুরের মাছ। বাঁধ ভেঙ্গে যাওয়ায় বন্যা দূর্গত এলাকার মানুষ বন্যানিয়ন্ত্রণ মূল বাঁধে আশ্রয় নিতে শুরু করেছে। এসব এলাকার মানুষ গবাদিপশু নিয়ে চরম বিপাকে পড়েছেন।



