মোঃ জাকির হোসেন, বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম হত্যায় ১৯ জনের নাম উল্লেখ করে বেনাপোল পোর্ট থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১ ডিসেম্বর) রাতে নিহত আমিরুলের ছেলে সাগর বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ ও পাঁচ জনকে অজ্ঞাত দেখিয়ে ২৪ জনের নামে হত্যা মামলা দায়ের করে।
এদিকে মামলার পরে পুলিশ সোমবার সকালে বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন- বেনাপোলের কাগজপুকুর গ্রামের আব্দুল মতলেবের ছেলে রফিকুল ইসলাম (৪৭), গোলাম নাড়ুর ছেলে সাত্তার আলী (৫২) ও কাগমারী গ্রামের ছাত্তার ডাকাতের ছেলে আরিফ (৪০)।
বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম বলেন, আমিরুল ইসলাম হত্যা মামলায় তিন আসামীকে আটক করা হয়েছে। আটককৃতদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোলের কাগজপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইশত গজ সামনে কদম তলা নামক স্থানে এলাকাবাসী আমিরুলের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ নেতা আমিরুলের মরদেহ উদ্ধার করে।



