বিচারক ইমরানের সঙ্গে ‘গানের রাজা’ লাবিবা

205

বিনোদন ডেস্ক:  টিভি রিয়্যালিটি শো ‘গানের রাজা’-এর প্রথম আসরের চ্যাম্পিয়ন খুলনার ফাইরুজ লাবিবা। চলতি বছর আয়োজিত এই আসরে সারা দেশের পাঁচ হাজার প্রতিযোগীকে টপকে সেরার মুকুট জিতে নেন তিনি। প্রতিযোগিতার মঞ্চ জয় করে এবার লাবিবা হাজির হচ্ছেন প্রথম মৌলিক গান নিয়ে। তাও আবার শুরুতেই সঙ্গে পেলেন ‘গানের রাজা’র অন্যতম বিচারক ও জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলকে।

‘কেন এত চাই তোকে’ শিরোনামের রোমান্টিক এই গানটিতে লাবিবার সহশিল্পী ইমরান। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর-সংগীতায়োজনও করেছেন ইমরান নিজেই। সিএমভি’র ব্যানারে গানটি মুক্তি পাবে ৫ নভেম্বর বিকাল ৩টায়।

রোমান্টিক ঘরানার এই গানটি নিয়ে তৈরি হয়েছে বড় ক্যানভাসের একটি গল্পনির্ভর ভিডিও। সৈকত রেজার নির্দেশনায় এতে মডেল হয়েছেন কাজী আসিফ ও কেয়া আক্তার পায়েল। ভিডিওতে কণ্ঠশিল্পী হিসেবে পাওয়া যাবে ইমরান-লাবিবাকেও।

গানের রাজা’ লাবিবা

লাবিবা ও তার অভিষেক প্রসঙ্গে ইমরান বলেন, ‘লাবিবার বয়স অনেক কম। অথচ কণ্ঠে সে যে কোনও প্রফেশনাল শিল্পীর মতোই সাবলীল। তার কণ্ঠে আলাদা একটা শক্তি আছে। প্রতিযোগিতাটি চলার সময়ই আমি তার কণ্ঠে মুগ্ধ হয়েছি। সিদ্ধান্ত নিয়েছি ওর জন্য গান করবো। প্রতিযোগিতা শেষে শতভাগ আন্তরিকতা নিয়ে সেই চেষ্টাটা করেছি। আশা করছি লাবিবাকে আপনারা সাদরে গ্রহণ করে নেবেন এই গানটির মাধ্যমে।’

এদিকে লাবিবা বলেন, ‘প্রথম মৌলিক গান প্রকাশ হচ্ছে। খুব ভয় ভয় লাগছে। আমি চেষ্টা করেছি ইমরান ভাইয়ার গাইড ধরে গাইবার। বাকিটা শ্রোতারা বলবেন। আমি কৃতজ্ঞ গানটির সঙ্গে জড়িত সবার প্রতি। আমার জন্য দোয়া করবেন।’

লবিবার জন্ম খুলনায় । তিনি সরকারি করোনেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছেন। তার বড় বোন ফাইরুজ মালিহাও একজন গায়িকা। তিনি ‘চ্যানেল আই-ক্ষুদে গান রাজ ২০১৩’ এর চ্যাম্পিয়ন।