আবু তারেক বাঁধন, পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের জেলার পীরগঞ্জ উপজেলা জুড়ে শীতকালের এই অসময়ে হঠাৎ বৃষ্টিপাত। গত শুক্রবার থেকে এ পর্যন্ত চলছে ঝিরি ঝিরি বৃষ্টি।
বৃষ্টিপাতের কারণে পীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন অংশে রাস্তাঘাটে কাদামাটি ও পানি জমে যাওয়ায় দূর্ভোগে পড়েছে জনগণ। পীরগঞ্জ পৌরসভার ড্রেন ও বিভিন্ন উন্নয়ন কাজ চলমান থাকায় বেশ কিছু অংশে ইট বালি পাথর পরে থাকতে দেখা গেছে। এতে বিভিন্ন যানবাহন ওই সব জায়গা দিয়ে চলাফেরায় সময় দুর্ঘটনার শিকার হচ্ছে।
পীরগঞ্জ পৌরসভার মেইন গেটের সামনে অনেকটা জায়গা জুড়ে পানি জমে থাকায় দুর্ভোগের শেষ নেই মানুষের।
ওই রাস্তা দিয়ে চলাচলরত এক পাগলু চালক বলেন, পৌরসভার সামনে পানি জমে থাকায় এ পাশ দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় আমরা বিপদের সম্মুখীন হই। অনেক সময় খালা খন্দে গাড়ির চাকা আটকে গিয়ে যাত্রীরা পড়ে যান। তখন দোষটা সবাই আমাদের উপর দেয়।
স্থানীয়রা বলছেন, রাস্তা জুড়ে ইঁট পাথর ও বিভিন্ন জায়গায় বালির স্তুপ থাকায় সমস্যা বৃদ্ধি পাচ্ছে। পৌরসভার উচিত রাস্তা ঘাটে পড়ে থাকা এসব জিনিস সরিয়ে ফেলা। তাহলে চলাফেরায় সমস্যা হবে না।



