অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের- ডাকসু সাবেক সহসভাপতি-ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তার বিরুদ্ধে তরুণীর দায়ের করা যে ধর্ষণ মামলা হয়েছে, সেটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। বিষয়টি আমাদের নলেজে রয়েছে। মঙ্গলবার বিকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ধর্ষণের মামলার পাশাপাশি পুলিশের ওপর হামলার অভিযোগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়। এরপর তাকে নেয়া হয় ডিবি কার্যালয়ে। এর কিছুক্ষণ পরই তাকে ছেড়ে দেয়া হয়। গত ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের- ঢাবি এক শিক্ষার্থী লালবাগ থানায় একটি ধর্ষণের মামলা করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়। তাদের মধ্যে ধর্ষণে সহযোগী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়। এদিকে নুরুল হক নূরসহ ৬ জনের বিরুদ্ধে সোমবার রাতে রাজধানীর কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করা হয়। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে ছাত্র অধিকার পরিষদের নেতা নাজমুল হাসান সোহাগকে।
মঙ্গলবার পুলিশ স্টাফ কলেজের ১৭তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। সঙ্গত কারণে পুলিশকেও এগিয়ে নিতে হবে। পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা দরকার পুলিশ স্টাফ কলেজের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, বোর্ড সভায় নতুন যেসব প্রস্তাবনা এসেছে সেগুলো আমরা দেখেছি। যেসব প্রস্তাব বোর্ড সভায় উত্থাপন হয়েছে সবগুলোই যুক্তিযুক্ত মনে হয়েছে। এগুলো বাস্তবায়নে আলোচনা করেছি। মন্ত্রী বলেন, বিধিমালা স্পষ্টীকরণ এবং নীতিমালার দু-একটা জায়গায় চেঞ্জ আসবে। বোর্ড সভা যেসব প্রস্তাব দিয়েছি আমরা সেগুলো পর্যালোচনা, আলোচনা করেছি। পুলিশ স্টাফ কলেজের রেক্টর পদকে উন্নীতকরণ, ভাইস রেক্টর নামে নতুন পদ সৃষ্টি, নতুন পদ সৃষ্টি হলে সেটা কীভাবে সৃজিত হবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। পুলিশ স্টাফ কলেজে বিভিন্ন নতুন কোর্স সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি নতুন নতুন অপরাধ হচ্ছে, যার অধিকাংশ সাইবার ওয়ার্ল্ডে। সেজন্য পুলিশকে প্রশিক্ষিত করা দরকার। নতুন করে সাইবার সিকিউরিটির ওপর ডিপ্লোমা কোর্স চালু হয়েছে। এর বাইরে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু হচ্ছে। সব বর্তমান প্রয়োজনে কাজে আসবে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন এবং আইজিপি ড. বেনজীর আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


