অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনে এসে সাক্ষাৎ করেন বিএনপির এই প্রার্থী।
এ সময় আসন্ন নির্বাচনে তিনি ভিসির কাছ থেকে দোয়া ও সহযোগিতা চান। তিনি নিজের একটি পোস্টার ভিসির হাতে তুলে দেন। এ সময় ইশরাক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আমার বাবা, আমার মা, আমার বোন এখান থেকে পড়াশোনা করেছেন। স্যার আমি এখানে এসেছি আপনার কাছে দোয়া চাইতে। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল রাজনীতি করার। এরজন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি যদি মেয়র নির্বাচিত হই তাহলে সিটি করপোরেশনের সব সমস্যা নিয়ে কাজ করার চেষ্টা করব। এছাড়া মানুষের সব ধরনের অধিকার নিয়ে আমি কাজ করতে চাই। আমি জনসভায় নিজেকে নিয়োজিত করতে চাই।
তার কথা শুনে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, আশা করছি সামনের নির্বাচনে একটি সুষ্ঠু এবং সাবলীল পরিবেশ থাকবে। এখানে আসার জন্য আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ব ম ইউসুফ হায়দার, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোরশেদ হাসান খান, অধ্যাপক লুৎফর রহমান, সাবেক আহবায়ক অধ্যাপক আকতার হোসেন খান, অধ্যাপক ড. আবদুর রশিদ, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিসির সঙ্গে সাক্ষাৎ শেষে ইশরাক নির্বাচনী প্রচার শুরু করেন ক্যাম্পাসে।



