মোহাম্মদ মাহাতাপ সিকদার
আমি কি তোমার স্বপ্ন হয়ে
চোখের পাতায় ভাসতে পারি?
তোমার সুখের কারণ হয়ে
একটু হাসি হাসতে পারি?
আমি কি তোমার ফুল বাগিচায়
কলি হয়ে ফুটতে পারি?
তোমার অমৃতালয়ের ভ্রমর হয়ে
একটু মধু খেতে পারি?
আমি কি তোমার মন-আকাশে
চন্দ্র হয়ে উঠতে পারি?
আঁধার রাতের জ্যোৎস্না হয়ে
অঙ্গে তোমার মিশতে পারি?
আমি কি তোমার ওষ্ঠাধরে
একটি জলছাপ আঁকতে পারি?
তোমার বুকের বস্ত্র হয়ে
একটু আলিঙ্গন করতে পারি?
আমি কি তোমার ইন্দ্রজালে
মজনু হয়ে ফাঁসতে পারি?
তোমার প্রেমের প্রেমিক হয়ে
তোমায় ভালোবাসতে পারি?



