মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় বন্যার পানিতে ডুবে যাওয়া মাঠ জেগে উঠায় আমন ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা । তুলনামূলকভাবে এবছর ধানের ভালো দাম পাওয়ায় খাদ্যে উদ্বৃত্ত জমিতে আমন ধান চাষে করার লক্ষে চেষ্টা করে যাচ্ছে কৃষি বিভাগ। বন্যার পানিতে তলিয়ে যাওয়া জমি থেকে পানি নেমে যাওয়ায় সাথে সাথে জমির আগাছা পরিষ্কার করে ধান রোপন করতে শুরু করেছেন কৃষকরা। চলতি মৌসুমে ইরি-বোরো ধানের দাম ভালো পাওয়ায় বেশ লাভবান হয়েছেন তারা । আগের বছরের তুলনায় এ বছর বোরো ধানের ফলন যেমন ভালো হয়েছে তেমনি বাজারে দামও বেশ ভালো পেয়েছেন তারা । ফলে সব মিলিয়ে আমন ধান চাষে ঝুঁকেছেন তারা ।
মান্দা উপজেলার পার নূরুল্যাবাদ গ্রামের সাদ্দাম হোসেন বলেন, বোরো মৌসুমে ৫ বিঘা জমিতে আবাদ করেছিলাম। ফলন ভালো হয়েছে। দামও সন্তোষজনক পেয়েছি। এবার ৩ বিঘা জমিতে আমন ধান রোপণ করেছি। বাকি জমি একটু নিচু হওয়ায় ফেলে রেখেছি। পানি নেমে যাওয়ার সাথে সাথে জমিতে ধান রোপন করা হবে। এ বছর আমন চাষে আবহাওয়া অনুকূলে রয়েছে। বৃষ্টির পানিতে জমি চাষাবাদ করা হয়েছে।
এছাড়াও গত কয়েকদিন থেকে বন্যার পানি নেমে যাওয়ায় জমির আগাছা পরিষ্কার করে অনেক কৃষকরা জমিতে ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন বলে জানিয়েছেন তিনি।
মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, সরকারি নির্দেশনা অনুসারে কোন জমি যেন পতিত না থাকে সে জন্যে কৃষি বিভাগ মাঠে বিভিন্ন ঘুরে কাজ করছে। ধানের ভালো দাম পাওয়ায় আমন মৌসুমে জেলায় ২ লাখ হেক্টরেরও বেশি জমিতে ধান চাষ হবে এমনটাই আশা করা হচ্ছে।



