নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
তিনি বলেন, নির্বাচনে যে কোনো ফলাফল মেনে নিতে প্রস্তুত আমি। শনিবার সকাল সোয়া আটটায় ঢাকা উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজে ভোট দিয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। মানুষ সরকারের উন্নয়ন কর্মকান্ডে সন্তুষ্ট তারা নৌকায় ভোট দেবেন। ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে।
আমি ভোটারদের অনুরোধ করব তারা যেন সকাল-সকাল ভোট কেন্দ্রে এসে তাদের নিজের ভোটটি দেন এবং অন্যদেরকেও ভোট দিতে উৎসাহিত করেন।
বিএনপির কাউন্সিলর প্রার্থীর এজেন্টদের বের করে দেয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমি বিএনপির কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বলেছি।
তাকে আমি বুকে জড়িয়ে নিয়েছি। আমি তাকে এও বলেছি যে এ বিষয়ে আমি রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলবো।
ভোটের পরিবেশ যেন কোনোভাবেই অশান্ত না হয় সে ব্যাপারে তারা যেন পদক্ষেপ নেন।
আতিকুল ইসলাম আরও বলেন, আমি যদি পরাজিত হই- বিএনপির প্রার্থী আছেন তাবিথ আউয়াল তাকে অবশ্যই সহযোগিতা করবো নগরীর উন্নয়নে।
আর আমি যদি বিজয়ী হই আমি আশা করবো তিনিও আমাকে সহযোগিতা করবেন।



