ক্ষমা চাইলেন নুহাশ হুমায়ূন

158
নুহাশ হুমায়ুন

বিনোদন ডেস্কঃ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন। সম্প্রতি দুটি বিজ্ঞাপনচিত্র তৈরি করে সমালোচনার মুখে পড়েছেন তিনি। বিজ্ঞাপন দুটির একটি মোবাইল ফোনের অন্যটি পেইন্টের।

মোবাইল ফোনের বিজ্ঞাপনে পাহাড়ের একটি প্রত্যন্ত অঞ্চল দেখানো হয়েছে। এতে দেখা যায়— রমজানে সাহরি ও ইফতারের সময় জানার কোনো ব্যবস্থা নেই। এজন্য এক পাহাড়ি ছেলে ইফতারের সময় দোকানে আজান শুনে সে খবর পুরো পাড়ায় জানিয়ে দেয়। আবার সাহরির সময় ছেলেটি সবাইকে ঘুম থেকে ডেকে তোলে। একটি দৃশ্যে— একজন জেগে উঠে ছেলেটিকে ধমক দিয়ে বলেন, ‘আমি হিন্দু।’ পাহাড়ি এই ছেলেটির বাঙালি নাম রাফি। নির্মাণে এমন অসঙ্গতিপূর্ণ বিজ্ঞাপনটিকে অনেকে সাংস্কৃতিক আগ্রাসন বলছেন।

অন্যদিকে পেইন্টের বিজ্ঞাপনটিতে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকার টিকোইল গ্রামকে তুলে ধরা হয়েছে। গ্রামটি স্থানীয়ভাবে আলপনা গ্রাম নামেই পরিচিত। মাটির তৈরি ঘরে যুগের পর যুগ ধরে নারীরা আলপনা এঁকে চলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— নানারকম মাটি দিয়ে নানারকম রঙ এবং প্রাকৃতিকভাবে গাছ-লতা থেকে আঠা তৈরি করে তারা মাটির ঘরে আলপনার কাজটি করে থাকেন। কিন্তু টিকোইল গ্রামের নারীদের প্রাকৃতিক রঙ ব্যবহার করে আলপনার ঐতিহ্য বিষয়ে না জেনেই বিজ্ঞাপনটি নির্মাণ করার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপনটি অনলাইনে প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হুমায়ূন পুত্র নুহাশকে নিয়ে তুমুল সমালোচনা এবং বিতর্কের সৃষ্টি হয়। সমালোচনা এবং বিতর্কের মাঝেই বিজ্ঞাপনটির জন্য ক্ষমা চাইলেন নুহাশ হুমায়ূন। গতকাল বুধবার বিকেলে ফেসবুকে দেওয়া একটি পোস্টে এমন বিজ্ঞাপন নির্মাণের জন্য ক্ষমা চান নুহাশ। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো:

সাম্প্রতিক একটা বিজ্ঞাপন নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যেটা আমার নির্মিত, সে ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই।

আমি বিজ্ঞাপনটি নির্মাণ করেছি তৃতীয় কোনো ব্যক্তির কনসেপ্টে। মূল ভাবনাটা আমার পছন্দ হয়েছিলো। মূল বিষয়টি ছিল একটি পরিবারের উপর, যারা পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত গ্রামে বাস করে। যেখানে মুসলিমরা সংখ্যালঘু। রমজানের একটা ক্যাম্পেইন হিসেবে এটা করতে চেয়েছিলাম। যেটা ফোকাস করেছিল একতায়, ধর্মের চেয়েও বেশি একাত্মতায়। তার আগে আমি নিশ্চিত হয়ে নিয়েছিলাম যে, এটা সত্য ঘটনা অবলম্বনেই কী না!

যেহেতু বিজ্ঞাপনটিতে উল্লেখ আছে ‘অ্যা নুহাশ হুমায়ূন ফিল্ম’, তার অর্থ আমি কনসেপ্ট পছন্দ করেছি, স্ক্রিপ্ট পর্যালোচনা করেছি, আমার সোর্সগুলোকে বিশ্বাস করেছি এবং এমনকি পছন্দসই ফন্টটিও নির্বাচন করেছি আমার নাম স্ক্রিনে লেখার জন্য। নির্মাতা হিসেবে এটা আমার দায়িত্ব সমস্ত দায়ভার স্বীকার করা এবং নেতৃত্ব দেওয়া। আমি ক্ষমাপ্রার্থী তাদের সবার কাছে যাদের আমি আহত করেছি বা কষ্ট দিয়েছি অথবা ভুলভাবে উপস্থাপন করেছি। সাথে সাথে এও স্পষ্টভাবে বলছি যে কখনোই, কোনোভাবেই এটা আমাদের উদ্দ্যেশ্য ছিলো না।

বিজ্ঞাপনচিত্রের জন্য বহু মানুষ তার ও তার পরিবারকে নিয়ে ব্যক্তিগত আক্রমণও করছেন। শুধু তাই নয়, বিজ্ঞাপনচিত্রে যে ছেলেটি অভিনয় করেছে তাকেও হুমকি দেয়া হচ্ছে বলে স্ট্যাটাসে তুলে ধরেন নুহাশ।