কেশবপুরে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-২

28
কেশবপুরে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-২

আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুরে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২ জন গুরুতর আহত হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। উপজেলার বাজিতপুর গ্রামের মৃত জালাল উদ্দীন মোড়লের ছেলে আহত শরিফুল ইসলাম মোড়ল (২৫) সাংবাদিকদের জানান দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত রিয়াজুদ্দীনের ছেলে বদরুদ্দীন মোড়ল আমার চলাচলের রাস্তা বন্ধ করার জন্য জোর চেষ্টা চালিয়ে আসছে। সর্বশেষ মঙ্গলবার দুপুরে বদরুদ্দীন মোড়ল ওই চলাচলের রাস্তার ওপর পাচিল দিয়ে একেবারে পথ বন্ধ করে দেয়।

এসময় আমি প্রতিবাদ করলে বদরুদ্দীন মোড়লের নেতৃত্বে মজিদপুর গ্রামের মৃত জলিল গাজীর ছেলে রাজমিস্ত্রি ফারুক গাজী, জামাল গাজী, লিটন গাজী মিলে আমাকে বেধড়ক মারপিঠ করে গুরুতর আহত করে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি বলে আহত শরিফুল ইসলাম মোড়ল জানান। এব্যাপারে সরাসরি বদরুদ্দীন মোড়লের বাড়িতে বক্তব্য নেওয়ার জন্য গেলে তাকে না পেয়ে তার স্ত্রী সাংবাদিকদের জানান শরিফুল মোড়লকে মারপিট করা হয়নি।

রাজমিস্ত্রীদের সঙ্গে তার কথা-কাটাকাটির এক পর্যায়ে সে পড়ে গিয়ে আহত হন। এদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার বাসবাড়িয়া গ্রামের আব্দুর সাত্তার সানা (৬২) নামের এক বৃদ্ধকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে একই গ্রামের মৃত আজিজ সরদারের ছেলে হায়দার আলী সরদার। আহত আব্দুর সাত্তার সানা সাংবাদিকদের জানান পুকুরে ধান ভেজানোকে কেন্দ্র করে হায়দার আলী আমাকে মেহগনি গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করে ক্ষত-বিক্ষত করে।

এ ঘটনায় আব্দুর সাত্তার সানা বাদী হয়ে হায়দার আলীর বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে তার ছেলে আনিছুর রহমান সানা জানান। এব্যাপারে হায়দার আলীর বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে বারবার ফোন দিলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।