কেশবপুরে পৌরসভার মেয়রের নির্দেশ অমান্য করে ৫ তলা ভবন নির্মাণের অভিযোগ দূর্ঘটনার শিকার হতে পারে আশপাশের বাসিন্দারা

27
কেশবপুরে পৌরসভার মেয়রের নির্দেশ অমান্য করে ৫ তলা ভবন নির্মাণের অভিযোগ

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে পৌরসভার মেয়রের নির্দেশ অমান্য করে ৫ তলা ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে। প্লানের বাইরে নির্মাণ করা ভবনটির জন্য বড় ধরণের দুর্ঘটনার শিকার হতে পারে আশপাশের বাসিন্দারা বলে অনেকেই ধারণা করেছেন।

কেশবপুর পৌর শহরের আলতাপোল ওয়ার্ডের শওকত হোসেন মধুসড়ক সংলগ্ন মহিলা কলেজের পূর্ব পাশের ২.৯০ শতক জমির উপর ৫ তলা ভবন নির্মাণ কাজ শুরু করেন। অথচ পৌরসভা ৪ তলা ভবন তৈরির অনুমতি দিয়েছেন। অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের বিষয়টি আশেপাশের বাসিন্দাদের ভাবিয়ে তুলেছে। কেননা পৌরসভার নিয়ম অনুযায়ী ৪ তলার বেশি কেউ ভবন নির্মাণ করতে পারবেন না।

অবৈধভাবে ভবন নির্মাণের ব্যাপারে আশপাশের ভবন মালিক আতাউর রহমান, নিরঞ্জন নন্দন, আলী আকবর, কামরুজ্জামান, জাকির ইকবাল, কানাই নন্দী ও আক্তার হোসেন ৯ সেপ্টেম্বর কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, বহুতল ভবনটি ভবিষ্যতে বড় ধরণের দুর্ঘটনার কারণ হতে পারে। যে কারণে তারা আতংকের মধ্যে বসবাস করছেন। স্থানীয়রা জানিয়েছেন অভিযোগ দেয়ার পর পৌরসভার মেয়রের নির্দেশে কাজ বন্ধ ছিলো।

কিন্তু গত ২০ নভেম্বর থেকে আবারো ৫ তলা ভবনের নির্মাণের কাজ শুরু করেছেন। এব্যাপারে ভবনের মালিক শওকত হোসেনের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, ৫ তলার লিংটনের কাজ কিছুটা বাকি ছিলো। তাই শেষ করা হচ্ছে। পৌরসভার নির্দেশ অমান্য করে কেনো ভবনের কাজ শুরু করেছেন ? প্রশ্ন করা হলে তিনি সদুত্তর দিতে পারেননি।

এ ব্যাপারে কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল বলেন, শওকত আলীকে ৪ তলা ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়। আশপাশের বাসিন্দাদের লিখিত অভিযোগ পেয়ে জানতে পারি শওকত হোসেন ৫ম তলার কাজ শুরু করেছেন। পরে শওকত আলীকে ৫ তলা ভবনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। প্লানের বাইরে ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।