আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুরে গৌরীঘোনা ইউনিয়নের সন্যাসগাঁছায় নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাংচুর ও পৌর এলাকার সাবদিয়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান জানান, সোমবার রাতের আঁধারে ইউনিয়নের সন্যাসগাছা ভাটার মোড়ে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়টি দূর্বৃত্তরা ভেঙ্গে চুরমার ও তছনছ করে রেখে গেছে। এর আগে গৌরীঘোনার কাঠালতলা এলাকায় আওয়ামীলীগ কর্মীদের গণসংযোগ কালে বিএনপি কর্মীরা ককটেল নিক্ষেপ করে। তবে কেউ হতাহত হয়নি। ওই ঘটনায় থানায় মামলা হয়েছে।
এদিকে একই দিনে রাতে কেশবপুর পৌরসভার ৩ নং সাবদিয়া ওয়ার্ডে বিএনপি নেতা সাবেক পৌর কাউন্সিলর সাখাওয়াত হোসেন, যুবদল নেতা নজরুল ইসলাম, বিএনপি কর্মী ভূষিমাল ব্যবসায়ী ইকরাম হোসেন মোড়ল ও হাফিজুর রহমানের বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়েছে। তার মধ্যে ব্যবসায়ী ইকরাম হোসেন মোড়লের বাড়িতে লুটপাটের অভিযোগ করা হয়েছে কেশবপুর থানায়। ইকরাম হোসেনের স্ত্রী মঞ্জুয়ারা খাতুন বলেন, ১৫/২০ জন দূর্বৃত্তরা বাড়িতে ঢুকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়ে আমার স্বামীকে খুঁজতে থাকে। আমার স্বামীকে না পেয়ে অকথ্য গালিগালাজ ও জোর পূর্বক ঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে।
এ সময় তারা ব্যবসায়ীক দেড় লক্ষাধিক টাকা ও আমার দেড়ভরি গহনা লুট করে নিয়ে যায়। রাতেই ওইসব বাড়ির নারীরা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছে গেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, সাবদিয়ার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



