আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুরে ঐতিহ্যবাহী খান জাহান আলী দিঘির সামনের কালর্ভাটটি যথাস্থানে স্থাপনের দাবিতে এলাকাবাসি উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগপত্র দাখিল করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খান জাহান আলী দিঘির সামনের কালর্ভাট দিয়ে বিদ্যনন্দকাটি গ্রামের নিন্মাঞ্চলের পানি নিষ্কাশন হয়ে আসছিল। সম্প্রতি ওই স্থানে সরকারিভাবে একটি কার্লভাট নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় কালর্ভাট নির্মাণ কমিটির সকল সিদ্ধান্ত উপেক্ষা করে ঠিকাদার রেজাউল ইসলামের নিয়োজিত সাবঠিকাদার আব্দুল মান্নানের যোগসাজশে কালর্ভাটটি যথাস্থানে স্থাপন না করে ৭ ফুট উত্তর দিকে সরিয়ে অপেক্ষকৃত উঁচু জমির মালিক রজব আলীর জমির সামনে স্থাপনের কাজ শুরু করে।
এলাকার কোরমাত আলী জানান, যথাস্থানে কালর্ভাটটি স্থাপন না করার ফলে অপেক্ষাকৃত নীচুৃ জমিতে বর্ষার অতিরিক্ত পানি জমে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হবে। এর ফলে এলাকার জনসাধারণের মৎস্য ঘের ও পুকুর ডুবে গিয়ে জনসাধারণের জানমালের ব্যাপক ক্ষতি সাধন হবার সম্ভাবনা রয়েছে। এ কারণে কালর্ভাটটি যথাস্থানে স্থাপনের দাবি জানিয়ে গত ১৭ ডিসেম্বর এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগপত্রটি দাখিল করেছেন।
এ ব্যাপারে সাব ঠিকাদার আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান যে স্থানটি দেখানো হয়েছে সেই স্থানেই কালভার্টটি স্থাপনের কাজ চলছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানাগেছে, অভিযোগ পত্রটি উপজেলা প্রকৌশলীকে দেওয়া হয়েছে ,তদন্ত পুর্বক ব্যাবস্থা নেওয়া হবে।



