আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুরে এক কৃষকের প্রায় দেড় শতক লাউ গাছ কে বা কারা কর্তন করে দিয়ে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আমীর আলী মোল্যার ছেলে মকবুল মোল্যা সাংবাদিকদের জানান, আমি এবং ব্রহ্মকাটি গ্রামের মৃত আবুল হাশেম গাজীর ছেলে লালু গাজী মিলে আমার ১০ শতক জমিতে প্রায় দেড় শতাধিক লাউ গাছ রোপন করেছিলাম।
রবিবার গভীর রাতে কে বা কারা জমির উপর এসে দেড় শতাধিক লাউ গাছের গোড়া কেটে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে। লাউ গাছ কর্তনের ঘটনায় আমি একেবারে ভেঙ্গে পড়েছি। কৃষক মকবুল মোল্যা আরো জানান লাউ চাষে গত বছরে আমার ভাল ফলন হয়েছিল। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব সানা বলেন লাউ গাছ কর্তনের বিষয়টি শুনেছি। আগামীকাল সরেজমিনে যাওয়া হবে।



