ডেস্ক নিউজ : সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিনের নেতৃত্বে কলারোয়ায় মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। ২৬ জন এর মধ্যে ডোপ টেস্ট শেষে ১৫ মাদকসেবী শনাক্ত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরের পরে কলারোয়া থানার সীমান্তবর্তী এলাকায় কলারোয়া থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা এবং পুলিশ লাইন্স’র সদস্যেদের সমন্বয়ে এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল, পুলিশ পরিদর্শক (ডিবি) মোঃ আজিজুর রহমান, এসআই মনিরুল ইসলাম, এসআই তনময়, এসআই সোহরাব হোসেন, এসআই রেজাউল করিম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।সাতক্ষীরা সিভিল সার্জনের মেডিকেল অফিসার জয়ন্ত সরকারও এসময় উপস্থিত ছিলেন।
![]()
সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা, পার্শ্ববর্তী জেলা যশোর ও খুলনার মাদক সেবীরা কলারোয়া থানার সীমান্তবর্তী এলাকা কেড়াগাছী, সোনাবাড়িয়া, চন্দনপুর সহ জালালাবাদ ও ঝিকড়া এলাকায় এসে মাদক সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বাহ্যিক লক্ষণ বিবেচনায় এবং উপস্থিত ডাক্তারের পরামর্শে মোট ২৬ জনকে মাদকসেবী সন্দেহে ডোপ টেস্ট এর জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
পরে ডোপ টেস্ট শেষে ১৫ জনের ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ এবং ১১ জনের ক্ষেত্রে রিপোর্ট নেগেটিভ আসে।
মাদকাসক্ত প্রমাণিত ১৫ জনের নিকট যে সমস্ত মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করেছিল তাদেরকে শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছেন।
মাদকসেবী প্রমাণিত ১৫ জনের বিরুদ্ধে কলারোয়া থানায় “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮” এ মামলা রুজু প্রক্রিয়াধীন।


