ইতালি ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন রোনালদো!

49

খেলাধুলা ডেস্ক : বুধবার রাতে ৩০তম শিরোপার সামনে দাঁড়িয়ে হতাশ হতে হলো বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। চূড়ান্ত পরিমাণে ব্যর্থ ছিলেন তিনি কোপা ইতালিয়ার ফাইনালে, ন্যাপোলির বিপক্ষে। শেষ পর্যন্ত টাইব্রেকারে পেনাল্টি শটটাও নেয়ার সুযোগ পাননি। তার আগেই হেরে যেতে হয়েছে তার দলকে।

ইতালিতে আসার পর এ নিয়ে টানা দ্বিতীয় ফাইনাল হারলেন সিআর সেভেন। জুভেন্টাসে নিজের প্রিয় পজিশনে খেলারও সুযোগ কম পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ইতালিয়ান মিডিয়া লিখছে, নিজের পজিশন হারিয়ে রোনালদো অনেকটাই নিষ্প্রভ।

এরই মধ্যে গুঞ্জন উঠেছে, ইতালি ছেড়ে দেবেন সিআর সেভেন। প্রথমে গুঞ্জনটা শোনা যাচ্ছিল, তিনি হয়তো ইংল্যান্ডেই ফিরে আসবেন। প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি তাকে কেনার জন্য উঠে-পড়ে লেগেছে বলেও খবরে প্রকাশ।

কিন্তু রোনালদোর জাতীয় দল এবং ম্যানইউর সাবেক সতীর্থ ন্যানি জানিয়েছেন, ইংল্যান্ডে নয় রোনালদো পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রেই। তবে সেটা এই বছরই নয়। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে গিয়ে খেলে নিজের ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা নাকি রয়েছে রোনালদোর এবং সেই ইচ্ছার কথা তিনি তার সতীর্থ ন্যানির কাছে প্রকাশও করেছিলেন।

ন্যানি এখন খেলছেন এমএলএস লিগে। ওরল্যান্ডো সিটির অধিনায়কও তিনি। এদিকে ৩৫ বছর বয়সী রোনালদো ২০১৮ সালে চার বছরের চুক্তিতে যোগ দেন জুভেন্টাসে। এ মৌসুম নিয়ে দু’বছর এরই মধ্যে পার হয়ে গেছে। বাকি আছে দুই বছর।

ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে ন্যানি বলেন, ‘বেশ কয়েকবছর আগে সে (রোনালদো) আমাকে বলেছিল যে, সম্ভবত সে তার নিজের ক্যারিয়ারের শেষ অংশে যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে খেলতে পারেন। এটা হয়তো শতভাগ সত্যি কোনো বিষয় নয়। তবে এটার খুব সম্ভাবনা রয়েছে।’

লা গ্যালাক্সির সাবেক তারকা ডেভিড বেকহ্যাম একবার বলেছিলেন, তিনি খুব করে চান ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসিকে তার ইন্টার মিয়ামি ফ্রাঞ্চাইজিতে নিয়ে আসতে।

স্পোর্টিং লিজবন থেকে ২০১৯ সালে ওরল্যান্ডো সিটিতে যোগ দেন ন্যানি। ৩৩ বছর বয়সী এই ফুটবলার বলেন, ‘এমএলএস লিগে যোগ দেয়ার আগে এটা নিয়ে আমি অনেক বাজে কথা শুনেছি। কিন্তু এখন তো মনে হচ্ছে, এটা একটা গ্র্রেট লিগ।’