আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ৩ লক্ষাধিক টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে।
জানাগেছে, নওয়াপাড়া গ্রামের ইউপি সদস্য রবিউল ইসলাম নওয়াপাড়া বিলে ৩৫ বিঘা জমি কয়েক খন্ড করে চালাই মাছের চাষ করে থাকেন। দীর্ঘ ৪ বছর ধরে তিনি মাছ চাষ করে আসছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় কে বা কারা শত্রুতামূলক ভাবে ঘেরে বিষ প্রয়োগ করলে মাছ মরতে শুরু করে। শুক্রবার ভোরে মাছ বিক্রয়ের জন্য জাল আসলে ঘেরে গিয়ে দেখে বহু মাছ মরে ভাসছে এবং বাকী মাছ বিষক্রিয়ায় ছটফট করছে। দ্রæত জাল টেনে কিছু মাছ বাজারে নিয়ে গেলে পানির দামে বিক্রয় করতে হয়। বিষক্রিয়ায় অনুমান ৬০ মন মাছ মারা গেছে। যার মূল্য ৩ লক্ষাধিক টাকা।
উল্লেখ্য, ইতিপূর্বে আরও দু’বার একই ভাবে বিষ প্রয়োগ করে ঘেরের মাছ নিধন করা হয়েছিল। একের পর এক বিষদিয়ে মাছ নিধনের ঘটনায় ঘের মালিক বিপর্যস্ত হয়ে পড়েছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


