আজ নায়করাজের জন্মদিন

14
আজ নায়করাজের জন্মদিন

বাংলা চলচ্চিত্রের নায়করাজ রাজ্জাক। আজ কিংবদন্তি অভিনেতার ৭৭তম জন্মদিন। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের কলকাতার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এ অভিনেতা।

কলকাতার থিয়েটারের মাধ্যমে রাজ্জাক তার অভিনয় জীবন শুরু করেন। বাংলা চলচ্চিত্রবিষয়ক পত্রিকা চিত্রালীর সম্পাদক ‘আহমদ জামান চৌধুরী’ তাকে নায়করাজ উপাধি দিয়েছিলেন। এ অভিনেতার জন্মদিন উপলক্ষে আজ পারিবারিকভাবে মিলাদ ও দোয়ার আয়োজন করা হবে।

দিনটি উদযাপন উপলক্ষে তার ছেলে চিত্রনায়ক সম্রাট বলেন, ‘আব্বার জন্মদিন তিনি বেঁচে থাকতে সব সময় একরকম হতো, এখন অন্যরকম। তাকে ছাড়া এটা দ্বিতীয় জন্মদিন। আমরা পারিবারিকভাবে কিছু আয়োজনের চেষ্টা করেছি। গতবারের মতো এবারও গরিব কিছু মানুষের মাঝে খাবার বিতরণ করা, কিছু কিছু জায়গায় চ্যারেটি করা ও এতিমখানা এবং মাদ্রাসার জন্য কিছু কন্ট্রিবিউশন করা- এ সবই থাকছে। এ ছাড়া আমাদের পরিবার ও বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে আছর নামাজের পর আব্বার জন্য দোয়ারও ব্যবস্থা করেছি।’

’৬০-এর দশকের শেষ থেকে ’৭০ ও ’৮০-এর দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন রাজ্জাক। অভিনয় করেন ৩শ’রও বেশি ছবিতে।

তার অভিনীত জননন্দিত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘নীল আকাশের নিচে, ময়নামতি, মধু মিলন, পীচ ঢালা পথ, যে আগুনে পুড়ি, জীবন থেকে নেয়া, কী যে করি, অবুঝ মন, রংবাজ, বেঈমান, আলোর মিছিল, অশিক্ষিত, অনন্ত প্রেম, বাদী থেকে বেগম ইত্যাদি। ২০১৭ সালের ২১ আগস্ট পৃথিবী ছেড়ে চলে যান তিনি।