আজিজুর রহমান , কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে আঁখি বসু হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কেশবপুর-বকুলতলা সড়কের মূলগ্রাম বটতলা বাজারে আঁখি হত্যার আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মূলগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী মানববন্ধন করেন। এ সময় বক্তৃতা করেন, মূলগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় মন্ডল, শিক্ষক আরজান আলী, সামসুন্নাহার ও শিক্ষার্থী তন্নি দত্ত।
উল্লেখিত কেশবপুরের গড়ভাঙ্গা গ্রামের গোবিন্দ বসুর মেয়ে আঁখি বসুর ঝুলন্ত লাশ গত মঙ্গলবার সাতক্ষীরার সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেছিল পুলিশ। আঁখির পিতা গোবিন্দ বসু মেয়ের মৃত্যুতে থানায় মামলা করেছিল। এঘটনায় পুলিশ আঁখির স্বামী অরূপ বোস, শ্বশুর এস কে বোস (সন্তোষ বোস) ও শ্বাশুড়ি অশোকা বোসকে গ্রেফতার করা হয়েছে বলে গোবিন্দ বসু জানান।
আঁখি বসু কেশবপুর গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ছিল। ওই সময় তিনি বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে একাধিকবার প্রথম স্থান অধিকার করে। গত বৃহস্পতিবার উপজেলার নতুনহাট-গড়ভাঙ্গা সড়কে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী আঁখি হত্যার আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে অনুরূপ মানববন্ধন করেছিল।



