আওয়ামী লীগ থেকে বহিস্কৃত সাবেক তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তিনি রোববার দুপুরে তার কালিহাতীর বাসভবনে জনাকীর্ণ পরিবেশে সাংবাদিকদের এ কথা জানান।
আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি জনগণের নেতা। আমাকে জনগণ চায়। তাদের সেবার জন্যই আমি তাদের পাশে রয়েছি এবং থাকব।’ আমাকে আমার ভাই কাদের সিদ্দিকী বলেছিল, ‘আপনি আমাদের ঐক্যফ্রন্টে আসুন। যদি না আসেন, তবে আপনার বিরুদ্ধে আমরা ঐক্যফ্রন্টের প্রার্থী দেব।’ আমি সেই ঐক্যফ্রন্টের প্রার্থীর বিরুদ্ধেই নির্বাচন করতে কালিহাতীর মানুষের পাশে থাকতে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো দিন কথা বলিনি। আমি যখন পদত্যাগ করি, তখনও বলেছিলাম আমি একজন মুসলিম, আমি একজন আওয়ামী লীগার।
গত কয়েক দিন ধরেই গুঞ্জন ছিল লতিফ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। সে লক্ষ্যে তার কর্মী-সমর্থকরা মোট ভোটারের এক-শতাংশ স্বাক্ষর সংগ্রহ করেছেন।
২০১৪ সালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি অনুষ্ঠানে তিনি পবিত্র হজ ও তবলিগ জামাত নিয়ে কটূক্তি করেন। পরে তার বিরুদ্ধে সারাদেশে মামলা হয়। তিনি জাতীয় সংসদ ও মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং আওয়ামী লীগের সব পদ থেকে তাকে বহিস্কার করা হয়। এরপর তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাধারণ সদস্য পদও হারান।



