সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শুরু হলেও, নেই ভোটার ও পোলিং এজেন্টদের উপস্থিতি

23

মো. মামুন হোসেন : সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছে। আজ সকাল ৮ টা হতে বেলা ১২ টার সময় সরেজমিনে তথ্য অনুযায়ী ভোটার উপস্থিতি খুবই কম পাওয়া যায়। স্থানীয়রা জানান , কয়েকজন প্রার্থীদের এজেন্ট না থাকলেও ভোট গ্রহণ হচ্ছে সুষ্ঠুভাবে। ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ী কেন্দ্রে দেখা যায় এ চিত্র।

তথ্য সংগ্রহ কালে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তালায় উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

ধানদিয়ায় যাদের পোলিং এজেন্ট নেই– স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এম ফজলুল হক (আনারস), মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম (পদ্মফুল) ও সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল (ফুটবল), মুরশিদা পারভীন পাপড়ী (কলস)। কি জন্য পোলিং এজেন্ট নেই সে তথ্য জানা যায়নি।

তবে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান ও চেয়াম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার (নৌকা)। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইখতিয়ার হোসেন (টিউবওয়েল), উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল জব্বার (তালা), উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সরদার মশিয়ার রহমান (উড়োজাহাজ), উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মোঃ আমিনুজ্জামান (চশমা) ও সাংবাদিক সাকিলা ইসলাম জুঁই (হাঁস) প্রতীক এর পোলিং এজেন্টদের নিয়োগ কপি হাতে পেয়েছেন বলে জানান প্রিজাইডিং অফিসার।

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার বিকাশ দাস বলেন, আমার ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোন রকম অনিয়ম বা সহিংসতার ঘটনা ঘটেনি। তবে কেন, কি কারণে এই প্রার্থীরা তাদের পোলিং এজেন্ট দেননি বা আসেননি তা আমার জানা নেই।