নিজস্ব প্রতিনিধি:: সাতক্ষীরা ৩ আসনের কালিগঞ্জের নলতা নির্বাচনী অফিসে অভিযান চালিয়ে বিএনপির ৪৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৯ টায় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ তাদের গ্রেফতার করে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন আশাশুনি উপজেলা বিএনপি সভাপতি কুল্লা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম, আশাশুনি বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম , আশাশুনি বিএনপির যুগ্ম সম্পাদক ইউপি সদস্য জুলফিকার জুলি , শোভনালী ও শ্রীউলা ইউনিয়ন বিএনপির আশরাফুল আলম মুকুল ও শহিদুল ইসলাম এবং নলতার হাসান । তিনি জানান, তাদের বিরুদ্ধে ৮ থেকে ১০ টি করে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সৈয়দ মান্নান আলি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে তার থানার ৮ জন রয়েছে। অপরদিকে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, তার এলাকার ৮ জন আসামি রয়েছে । বাকি ২৯ জন কালিগঞ্জ থানা এলাকার আসামি।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, তারা গোপন বৈঠক করছিল। এ সময় পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের সবার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানান তিনি।
সাতক্ষীরা ৩ ( আশাশুনি দেবহাটা ও কালিগঞ্জের চার ইউনিয়ন) আসনের বিএনপি প্রার্থী ডা. শহিদুল আলম জানান, তিনি নলতায় তার অফিসে দলের নেতা কর্মীদের নিয়ে নির্বাচনী বৈঠক করছিলেন । এ সময় পুলিশ ৪৫ জনকে গ্রেফতার করে নিয়ে যায়। এই গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘ আমি বিষয়টি রিটার্নিং অফিসার জেলা প্রশাসককে জানিয়েছি’।



