সাতক্ষীরায় ১৫টি ও লক্ষীপুরে ১০টি গ্রামে ঈদ উদযাপন

24

দেশের খবর : সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার সদর ও তালা উপজেলায় বাউখোলা, সাতানি, ভাদড়া ইসলামকাটিসহ জেলার ১৫টি গ্রামে ও ৪০ বছর ধরে আগাম ঈদ উদপযাপন করছে লক্ষ্মীপুরের ১০টি গ্রামের সহস্রাধিক মানুষ।

মঙ্গলবার সকাল ৮টায় বাউখোলা জামে মসজিদে অনুষ্ঠিত ঈদের নামাজে খুলনার ডুমুরিয়া ও কয়রা উপজেলার কয়েকটি গ্রামের মানুষসহ জেলার ১৫টি গ্রামের মুসল্লিরা অংশ নেন। মাওলানা মহব্বত আলী নামাজের ইমামতি করেন।

অন্যদিকে সকাল ১০ টায় লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মাওলানা আমিনুল ইসলাম খাঁন।

জানা গেছে, জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১০টি গ্রামের সহস্রাধিক মানুষ ঈদ আনন্দে মেতে উঠেছে। তারা পৃথকভাবে স্ব স্ব ঈদগাঁহ মাঠে ঈদের নামাজ আদায় করেন।

জানতে চাইলে মাওলানা আমিনুল ইসলাম জানান, এসব এলাকার মানুষ মাওলানা ইসহাক (রাঃ) এর অনুসারি। এজন্য পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে মিল রেখে ঈদসহ সকল ধর্মীয় উৎসব পালন করেন তারা। গত ৪০ বছর ধরেই তারা সৌদির সঙ্গে মিল রেখে সকল ধর্মীয় উৎসব পালন করে আসছেন।