মিলন কবির,যশোর থেকে : বেগুন চাষে ভাগ্যের চাকা ঘুরলো শার্শার এক কৃষকের। যশোরের শার্শা উপজেলার টেংরা গ্রামের মৃত বাকের আলী মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম মন্টু( ৪০)।
তিনি নিজের মাত্র ১২ শতক জমিতে মাটিকুমরা জাতের বেগুন লাগান। সে জাতের বেগুনে বাম্পার ফলন পেয়েছেন তিনি। প্রতি সপ্তাহে ঐ জমি থেকে ৪-৫ মণ করে বেগুন তোলেন। যার বর্তমান বাজার মূল্যে বিক্রি করেন ৮ শত-৯ শত টাকা মণ। টেংরা গ্রামের কৃষক আশরাফুল ইসলাম মন্টু বলেন,এ পর্যন্ত তিনি প্রায় ৩৫ হাজার টাকার বেগুন বিক্রি করেছেন।সার, কীটনাশক, মুজুরি ও চারা ক্রয় রোপন পর্যন্ত মাত্র চার হাজার টাকা খরচ হয়েছে তার।
তিনি আরো বলেন,গাছের অবস্থা খুব ভাল এ জন্য এখনও ৪-৫ মাস ভাল ফলন পাবেন বলে তিনি আশা করছেন। টেংরা গ্রামের আর এক চাষি মতিয়ার রহমান বলেন, আশরাফুলের ৬ কাটা জমিতে বেগুনের এত ফলন হবে তা আমরা ভাবতে পারিনি। তবে বেগুন চাষে লাভ ভাল হওয়ায় তিনি ও বেগুন চাষে আগ্রহ প্রকাশ করেছেন।



