মিথিলা-নাবিলার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

15
মিথিলা-নাবিলার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

প্রথমবার জুটিবদ্ধ হলেন তারকা অভিনেত্রী মিথিলা ও নাবিলা। তাসনিমুল তাজের গল্প ও রেদওয়ান রনির চিত্রনাট্য ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্লাড রোজ’-এ একসঙ্গে দেখা যাবে তাদের। এতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের ও মনোজ কুমার।

গতকাল থেকে রাজধানীর উত্তরা ও খিলক্ষেতের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা রেদওয়ান রনি বলেন, সম্পর্কের ঘুণপোকায় ক্ষয়ে যাওয়া জীবনের গল্প এটি। আবার বলা যায়, বন্দুক ও ফুলের গল্পও এটি। যেহেতু এটি সাসপেন্স থ্রিলার ঘরানার চলচ্চিত্র, তাই এখনই গল্প নিয়ে এর বেশি জানাতে চাই না। তবে এটুকু বলতে পারি, অনেকের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ভালো লাগবে।

অভিনেত্রী নাবিলা বলেন, রেদওয়ান রনির বেশিরভাগ নির্মাণে বৈচিত্র্য রয়েছে। এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্পও গতানুগতিক থেকে অনেকটাই আলাদা। সম্পর্কের উত্থান-পতনের সঙ্গে পুরো গল্পে এক ধরনের রহস্য আছে। আশা করছি দর্শকের খুবই পছন্দ হবে।

মিথিলা বলেন, এর আগে রেদওয়ান রনির পরিচালনায় ‘বিয়ের দাওয়াত রইলো’ টেলিছবিতে অভিনয় করেছিলাম। কাজটি সেসময় বেশ প্রশংসিত হয়েছিল। নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়েও আমি দারুণ আশাবাদী। অন্তর্জালের বিনোদন মাধ্যম আইফ্লিক্সে শিগগিরই প্রকাশ পাবে ‘ব্লাড রোজ’। এটি প্রযোজনা করছে বেঙ্গল ক্ল্যাসিক চা।