মান্দায় “সন্ধানী সিওমেক ইউনিটের পক্ষ থেকে বেঁদে সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

71
মান্দায় সন্ধানী সিওমেক ইউনিটের

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: করোনা ভাইরাসের এই সংকটময় মুহুর্তে সারাদেশে খেটে খাওয়া মেহনতি মানুষেরা আজ কর্মহীন। গৃহবন্দী অবস্থায় কেটে গেছে বেশ কয়েক মাস। অর্থনৈতিক এ স্থবিরতার আগ্রাসনে নিরুপায় মেহনতি মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলো সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট;অসহায় মানুষগুলোর মুখে দু’মুঠো অন্ন জুটাবার নিরন্তর এ প্রচেষ্টা এখনও সচল।

সেই কার্যক্রমের অংশ হিসেবেই সন্ধানী সিওমেক ইউনিটের পক্ষ থেকে বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাজারের নিকটস্থ বেঁদে সম্প্রদায়ের মোট ২৫টি পরিবার ও ফতেপুর গ্রামের ৫টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় পরিবার প্রতি ৫ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি মিষ্টিকুমড়া ও ১ টি সাবান প্রদান করা হয়। সন্ধানী সিওমেক ইউনিটের উপদেষ্টাবৃন্দ ও সভাপতি লুৎফর রাহমান মিলনের পৃষ্ঠপোষকতায় এবং সাধারণ সম্পাদক আল-আমিনের সার্বিক তত্ত্বাবধানে উক্ত কার্যক্রমটি সু-সম্পন্ন করা হয়।

এছাড়াও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন ইউনিটের ডোনার ক্লাব ও সমাজকল্যাণ সম্পাদক কাউছার আলী ও স্থানীয় কয়েকজন উদ্যোগী তরুণ। সন্ধানী বিশ্বাস করে মানুষের শক্তিতে, অতীতেও নানা সংকটময় পরিস্থিতে এদেশের মানুষ একজোট হয়েছে, কাঁধে কাঁধ মিলিয়েছে। অসহায়ের পাশে দাঁড়িয়ে বারে বারে প্রমাণ করেছে, “সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই”।

সন্ধানী সিওমেক ইউনিটের এই সেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে মানবিক দায়িত্ববোধ থেকে অংশগ্রহণ করতে পারেন আপনিও। দাঁড়াতে পারেন এদেশের খেটে খাওয়া আপামর জনসাধারণের পাশে। আপনার পাঠানো অর্থে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে যাবে অসহায় মানুষজনের কাছে।