মান্দায় গভীর নলকূপ দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে আহত ৩

37

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় গভীর নলক‚প দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে তিনজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, উপজেলার ভাঁরশো ইউপির মহানগর (নীচপাড়া) গ্রামের শাহাজাহান আলী মন্ডলের ছেলে রুবেল হোসেন (৩০), ভাতিজা তুহিন হোসেন (২০) এবং ছোট ভাই ছাইদুর রহমান (৩৫)। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী মহানগর (নীচপাড়া) গ্রামের মৃত আসকান আলী মন্ডলের ছেলে শাহাজাহান আলী মন্ডল জানান, ভাঁরশো ইউপির মহানগর (নীচপাড়া) গ্রামের গভীর নলক‚প দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে গত ১৮ ই জানুয়ারী বিকেল ৪ ঘটিকার সময় আহতরা নিজ বাড়ী হইতে দেলুয়াবাড়ী বাজার যাওয়ার পথে মেসার্স পিনাকী হার্ডওয়্যার এর দোকানের সামনে পৌঁছালে পূর্ব থেকে উৎপেতে থাকা অভিযুক্তরা একই এলাকার আব্দুল জব্বার, রফিকুল ইসলাম, আবুল কালাম, নজরুল ইসলাম,আব্দুর রহমান, আব্দুল লতিফ, শামসুল আলম, খোকন আলী, রাজু আহম্মেদ, সুজন এবং সোহেল রানা সঙ্গবদ্ধ ভাবে দেশিয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আহতদেরকে বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে। এতে আহতদের মধ্যে তুহিনের বামহাত ভেঙ্গে যায় এবং রুবেলের মাথার অগ্রভাগ ফেটে রক্তাক্ত জখম হন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।