মান্দায় খাস পুকুরের মাছ মারাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে আহত ৫

16
মান্দায় খাস পুকুরের মাছ মারাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে আহত ৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় খাস পুকুরে মাছ মারাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে গ্রামীণ টাওয়ার সংলগ্ন সতীহাট বাজারের উত্তর পার্শ্বে উপজেলার গনেশপুর ইউপির শ্রীরামপুর গ্রামে। আহতরা হলেন শ্রীরামপুর গ্রামের মৃত গফুর মন্ডলের স্ত্রী আছিয়া বেওয়া এবং তার ছেলে আজিজুল হক ।

সরজমিনে গিয়ে অভিযোগকারী ও অভিযোগসূত্রে জানা যায় উপজেলার শ্রীরামপুর মৌজার ৪৪ নং দাগে প্রায় ৬০ শতকের একটি খাস পুকুর পারইনায়েতপুর কাউয়াবিনি মৎসজীবি সমবায় সমিতি লি: টেন্ডারের মাধ্যমে ১৪২৫ বাংলা সন থেকে ১৪২৭ পর্যন্ত তিন বছরের জন্য লিজ গ্রহন করে এবং পরবর্তীতে উক্ত সমিতির নিকট হতে আজিজুল হক, মোহাম্মদ আলী,মেহেদী হাসান এবং সুলতান আহমেদ লিটনসহ সর্বোমোট ৪ জন শেয়ারে ১ লক্ষ টাকার বিনিময়ে লিজ গ্রহণ করে মাছ চাষ করে আসছিলেন । কিন্তু নিষেধ করা সত্ত্বেও (১) মোঃ সাইদুল ইসলাম, পিতাঃ মৃত তফির উদ্দিন, (২) মোঃ খলিল প্রামানিক, পিতাঃ মৃত যধু প্রামানিক মাঝে মধ্যেই অন্যায়ভাবে লোক চক্ষুর আড়ালে দিনে অথবা রাতে ওই লিজ গ্রহনকৃত খাস পুকুরের মাছ মারতো। এতে করে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ায় তাদের নিষেধ করতে গিয়ে এ দ্বন্দ্বের সূত্রপাত হয়।

ঘটনার সময় ইউএনও অফিসের অভিযোগ উপেক্ষা করে এবং থানা পুলিশকে বৃদ্ধাগুলি দেখিয়ে পুকুর থেকে অবৈধভাবে মাছ মারতে থাকে প্রতিপক্ষের লোকজন।

এ সময় তাদেরকে মৌখিকভাবে নিষেধ করতে গেলে পুকুরপাড়ে বসবাসকারী প্রতিপক্ষের লোকজন একই এলাকার প্রতিবেশী তফির উদ্দিন মন্ডলের ছেলে সাইদুর রহমান (৪৫), সাইদুর রহমানের ছেলে রুবেল (২২) এবং খলিলের পুত্র বুলবুল (৩০) গং রা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে গুন্ডা ও লাঠিয়াল বাহিনীর ন্যায় লোহার রড দিয়ে অতর্কিতভাবে আছিয়া বেওয়া এবং তার ছেলে আজিজুল হক এর উপর হামলা চালিয়ে শ্লীলতাহানিসহ মারপিট করে।

এতে মৃত গফুর মন্ডলের স্ত্রী আছিয়া বেওয়া (৫২) এবং তার ছেলে আজিজুল হক (৩৮) গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। তারা প্রাথমিকভাবে চিকিৎসা গ্রহণ করে রাতে নিজ বাড়িতে ফিরে এসেছেন। বর্তমানে তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এঘটনায় প্রতিপক্ষের বুলবুল জানায়, পারিবারিক একটা বিষয় নিয়ে আমাদের পরিবারের ৩ জন লোককে ব্যাপকভাবে মারপিট করা হয়েছে। আমাদের পক্ষের আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের রেফার্ড করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।