মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় কলাবাগানে খেলার প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত হলেন, উপজেলার দোসতীনা গ্রামের আব্দুল হান্নানের ছেলে শামীম হোসেন (১৩)।
অভিযোগ সূত্রে মান্দা থানার ওসি-তদন্ত তারেকুর রহমান সরকার বলেন, শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে খেলার প্রলোভন দেখিয়ে আব্দুল হান্নানের ছেলে শামীম হোসেন একই এলাকার প্রতিবেশী তসলিম উদ্দিনের ৫ বছর বয়সী শিশুটিকে স্থানীয় ঈদগাহ মাঠের পাশের কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। পরবর্তীতে এনিয়ে উভয় পরিবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে শিশুটির মামা বাদী হয়ে মান্দা থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। এরপর ওইদিনই গভীর রাতে অভিযুক্তকে আটক করার পর জেল হাজতে প্রেরণ করাসহ ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।



