মান্দায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে উপজেলা প্রশাসনের নির্দেশনা

107

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: সারা দেশের ন্যায় নওগাঁ জেলা এবং মান্দা উপজেলা প্রশাসন কর্তৃক করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সকল ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সভা- সমাবেশ ও গণজমায়েত, শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টার ও বাড়িতে শিক্ষক দ্বারা ব্যাচে প্রাইভেট পড়ানো, সকল ধরনের বিনোদন পার্ক ও পর্যটন কেন্দ্র, হাট- বাজার, চায়ের দোকান, হোটেল- রেস্তোরা, ক্যারামবোর্ড এবং বিভিন্ন মোড়ে আড্ডা দেয়া বন্ধ ঘোষনা করা হয়েছে।

করোনা ভাইরাসের কারণে এবং প্রশাসনের নির্দেশনায় মঙ্গলবার মান্দার সতিহাটে সবচেয়ে বড় গরুর হাটে গরু কেনা-বেচা বন্ধ করে দেয়া হয়েছে। আর গরীব- দুঃখী, অসহায় এবং ঋৃণগ্রস্থদের দিক বিবেচনায়।

নওগাঁর জেলা প্রশাসক পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল প্রকার কিস্তির টাকা আদায় বন্ধ ঘোষনা করেছেন। আর সেকারণে তাকে গরীব- দুঃখীরা সাধুবাদ জানিয়েছেন।

এছাড়াও নওগাঁ জেলা দূর্যোগ ব্যাবস্থাপনাকমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ২৩ মার্চ থেকে ১ সপ্তাহের জন্য মান্দা উপজেলার সকল ধরনের ছোট- বড় হাট বন্ধ ঘোষনা করা হয়েছে। আগামীতে নির্দেশনা না দেয়া পর্যন্ত মান্দা উপজেলার সকল প্রকার চায়ের দোকান এবং হোটেল- রেস্তোরা বন্ধ থাকবে। তবে, কাঁচা বাজার,ফার্মেসীসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা থাকবে বলে সংশ্লিট সূত্রে জানা গেছে। ইতোমধ্যে পন্য সামগ্রী ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণে রাখতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলেও জানান কর্মকর্তারা।

উল্লেখ্য, গত এক মাসের মধ্যে মান্দায় কেউ বিদেশ থেকে এসে থাকলে তাকে হোম কোয়ারেন্টাইন তথা বাড়ির একটি পৃথক কক্ষে থাকার নির্দেশনা দেয়া হয়েছে এবং কেউ জ্বর, হাঁচি, কাশি ইত্যাদিতে আক্রান্ত থাকলে মসজিদে নামাজ পড়া থেকে বিরত থেকে নিজ বাড়িতে নামাজ আদায় করার কথাও বলা হয়েছে। সেইসাথে মন্দির/চার্চ ইত্যাদিতে সমবেত প্রার্থনা করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এসময়, কেউ জ্বর অথবা কাশিতে আক্রান্ত হলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার থেকে বিরত থাকা, পরিচিত-অপরিচিতর সাথে হ্যান্ডশেক করা থেকে বিরত থাকা এবং হাঁচি-কাশিতে রুমাল, টিস্যু অথবা হাতের কনুই ব্যবহার করার জন্য বলা হয়েছে। ঘনঘন সাবান-পানিতে হাত ধৌত করা এবং বাহির হতে বাসায় প্রবেশের সময় হাতমুখ ধুয়ে প্রবেশকরাসহ অন্যান্য সাবধানতা অবলম্বন করাসহ ভীড় বা গণজমায়েত এড়িয়ে চলার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আব্দুল হালিম বলেন, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার সকল ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের সকলের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই পারে বাংলাদেশকে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা করতে। এ লক্ষ্যে উপরোল্লিখিত অনুরোধসমূহ মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।