মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় নূরুল ইসলাম (৫২) নামের এক মুদি দোকানদারকে প্রকাশ্য দিবালোকে পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করাসহ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামে।
গুরুত্বর আহত মুদি দোকানদার উপজেলার বিষ্ণপুর ইউপির দাসপাড়া গ্রামের মৃত তাছির উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।
আহতের ছোটভাই মামুন জানান, আজ সকালে তার ভাই বাড়ি থেকে টাকার ব্যাগসহ দোকান খোলার জন্য যাচ্ছিলেন । এমতাবস্থায় তার পথরোধ করে একই এলাকার মৃত ইয়াসিনের ছেলে ওসমান এবং দুলাল,আব্বাস উদ্দিন জাদনার ছেলে আলমগীরসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন দুর্বৃত্ত আমার ভাইকে প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে । এ সময় তিনি রাস্তায় পড়ে যান। পরে দুর্বৃত্তরা তাঁকে চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে লক্ষাধিক টাকা ও স্যামসাং ব্রান্ডের একটি মুঠোফোন ছিনিয়ে নিয়েছে ছিনিয়ে নেয়।
মান্দা থানার ওসি (তদন্ত) তারেকুর রহমান সরকার বলেন, এব্যাপারে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। তবে,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


