মান্দায় এক গৃহবধূর মৃত্যু নিয়ে ধূম্রজাল!

30
আত্মহত্যা
আত্মহত্যা

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় আক্তারুন (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।নিহত গৃহবধূর মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, এটি আসলে হত্যা! না- কি আত্মহত্যা ? ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের মীরপুর গ্রামে। নিহত গৃহবধূ আক্তারুন(২৫) উপজেলার গনেশপুর ইউনিয়নের মীরপুর গ্রামের আপেল মাহমুদের স্ত্রী ।

স্থানীয়রা জানান, নিহত গৃহবধূর সাথে মাঝে মধ্যেই স্বামীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকতো । এরই জেরধরে তাকে গতকাল বুধবার বেশ মারপিট করা হয়। এতে অভিমান করে সন্ধ্যা ৭ টার দিকে সে বিষপান করার পর রাত ১০ টার দিকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে কয়াপাড়া-কামারকুড়ি রোডের বৈরাগী পাড়ায় তার মৃত্যু হয়েছে বলে পরিবারকে জানানো হয়। এরপর পরিবারের লোকজন থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।

স্থানীয়দের দাবি, বাড়িতে এতোগুলো লোকজন থাকার পরেও নিজ শয়নঘরে বিষপান করে মৃত্যুর কোনো কারণ নেই। তাকে পিটিয়ে মারা হয়েছে। পরে আত্মরক্ষার্থে মুখে বিষ মাখানোসহ ঘরের মধ্যেও বিষ দেয়া হয়েছে।এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে নিহতের শরীরে তেমন কোন বড় ধরনের আঘাতের চিহ্ন উপলব্ধি বা মুখে বিষক্রিয়া লক্ষ্য করা যায়নি বলেও স্থানীয়রা জানান। কিন্তু ঘরের ভেতর থেকে এবং নিহতের শরীর থেকে বিষের গন্ধ পাওয়া যাচ্ছিলো।

তাদের অভিযোগ, প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে আপেল মাহমুদ ও তার লোকজন নিহতের পরিবারকে ম্যানেজ করে তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা করে।

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ঘটনার সংবাদ পেয়ে আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানোর পক্রিয়া চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।