মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় অস্ত্রের মুখে জিম্মি করে মারপিট ও টাকা ছিনতায়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দেলুয়াবাড়ী বাজার এলাকায়। আহত মাহবুব আলম বলেন, জমি সংক্রান্ত বিরোধ এবং চলাচলের রাস্তাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় মাঝে মধ্যেই হামলাকারীরা আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দ্যেশে ধারালো অস্ত্র দিয়ে আমার উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেওয়া হয়।
জানা গেছে, উপজেলার ভাঁরশো ইউপির মহানগর গ্রামের মৃত ফরিদ উদ্দিন মন্ডলের ছেলে পুরাতন কাপড় ব্যবসায়ী মাহবুব আলম (৪৮) গত ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) রাজশাহী থেকে পুরাতন জ্যাকেট বিক্রি করে বাড়িতে ফেরার পথে সন্ধ্যায় দেলুয়াবাড়ি বাজারের পশ্চিম পাশের্^ চৌবাড়িয়া রোডে পৌঁছালে একই এলাকার মৃত আতারুল হকের ছেলে জাহিরুল ইসলাম (৩০) ও আব্দুর রশিদের ছেলে সিরাজুল ইসলাম (৩৮) সঙ্গবদ্ধ হয়ে তার পথরুদ্ধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে এবং ওই সময় তার কাছে থাকা নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
স্থানীয় পথচারীরা আহত মাহবুব আলমের ডাক চিৎকারে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। বর্তমানে তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার ডান হাত এবং মাথায় আঘাতের চিহ্ন ও ১১ টি সেলাই লক্ষ্য করা গেছে। এঘটনায় তিনি সুষ্ঠ বিচারের দাবী জানান।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, বিষয়টি অবগত নয়। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



