মান্দার গোটগাড়ীর রাস্তার বেহাল দশা: পথচারীদের ভোগান্তি

133
মান্দার গোটগাড়ীর রাস্তার বেহাল দশা পথচারীদের ভোগান্তি

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার গোটগাড়ীর রাস্তার বেহাল দশা। রাস্তাটি পাকাকরণের দীর্ঘসময় পেরিয়ে গেলেও সংস্কার কিংবা মেরামত না করায় বর্তমানে পুরো অংশজুড়ে কার্পেটিং উঠে গেছে। রাস্তাটিতে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হওয়ায় ছোট যানবাহন, ছাত্রছাত্রীসহ জনসাধারণের চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। পথচারীদের ভোগান্তি নিরসনে জরুরিভিত্তিতে রাস্তাটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

জানা গেছে, উপজেলার গণেশপুর ইউনিয়নের সতিহাটের অদূরে (নওগাঁ-রাজশাহী) মহাসড়কের নীলকুঠি মোড় থেকে প্রসাদপুর ইউনিয়নের গোটগাড়ী বাজার পর্যন্ত ৫ কিলোমিটার গ্রামীণ কাঁচা রাস্তাটি ২০০০ ইং সালের দিকে পাকাকরণ করা হয়। এই রাস্তা দিয়ে মান্দার গোটগাড়ী শহীদ মামুন সরকারী হাইস্কুল ও কলেজ, মান্দা কৃষি ও কারিগরি কলেজ, সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কলেজমোড় হাফেজিয়া মাদ্রাসা, এনায়েতপুর উচ্চ বিদ্যালয়, গোটগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, মটগাড়ি উচ্চ বিদ্যালয়, বিদ্যামাধূরী উচ্চ বিদ্যালয়, জোতবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রীরামপুর,মীরপুর, সৈয়দপুর, এনায়েতপুর, চকরাজাপুর, কলেজমোড়, গোটগাড়ী, গাড়িক্ষেত্র,খুদিয়াডাঙ্গা, মটরগাড়ি,মঞ্জিলতলা,জোতবাজার এবং পাজরভাঙ্গাসহ প্রায় ২০ থেকে ৩০ গ্রামের কয়েক হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ/ শিক্ষার্থীরা প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন।

রাস্তাটি নির্মাণের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংস্কার কিংবা মেরামত করা হয়নি। এ কারণে পুরো রাস্তাটির কংক্রিট উঠে ছোটবড় কয়েকশ গর্তসহ খানাখন্দ সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। এলাকাবাসীদের হাটবাজারে কৃষিপণ্য বহনে যেমন অসুবিধা পোহাতে হচ্ছে, তেমনি জরুরি রোগী নিতেও ভোগান্তিতে পড়তে হয় রোগীর স্বজনদের।এছাড়াও গোটগাড়ীতে এবং জোতবাজার পরীক্ষার সেন্টার হওয়ার কারণে সতিহাট/ গোটগাড়ী/ মটগাড়ি এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষার হলে যাতায়াতের সময় চরম ভোগান্তি পোহাতে হয়। বর্তমানে সড়কটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা দিয়েছে।

মান্দা উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, মান্দা কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, গনেশপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হানিফ উদ্দিন মন্ডল,প্রসাদপুর ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খাঁন এবং চকরাজাপুর গ্রামের পশু চিকিৎসক হারুন-অর রশিদসহ অনেকে জানান,রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।

মান্দা উপজেলা নির্বাহী প্রকৌশলী শাহ্ মো: শহিদুল হক রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য যাবতীয় ব্যাবস্থা গ্রহণ করবেন বলে আস্বস্থ করেছেন।