ন্যাশনাল ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আজ শনিবার (০১ ফ্রেব্রুয়ারি) সকাল ৮টার পরই ঢাকা সিটি কলেজ কেন্দ্রে সিটি করপোরেশন নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
ভোট দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে পারবো।
নির্বাচন নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়ে তিনি বলেন, উদ্বেগ তারা প্রকাশ করতে পারেন। আমাদের অতীত ইতিহাস তো ভালো নয়। আমরা দেখেছি এর আগে কীভাবে ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি করা হয়েছে।
এসময় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে বিভিন্ন দূতাবাসের বাংলাদেশি কর্মকর্তাদের নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক করার সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির জন্মটাই অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্য দিয়ে। কারণ জনগণের ওপর তারা কোনোভাবেই আস্থা রাখতে পারে না।


