বিএনপি-জামায়াত থেকেও ভয়ঙ্কর নব্য আওয়ামী লীগাররা: নাসিম

25

বিএনপি জামায়াত এর চাইতেও ভয়ঙ্কর হচ্ছে নব্য আওয়ামী লীগাররা- এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগ এর সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন।

নাসিম বলেন, এরা হলো আসল সুযোগসন্ধানী। এদের চিনে রাখতে হবে। বিএনপি জামায়াতের কর্মকাণ্ডের কারনে তাদেরকে চিহ্নিত করা সম্ভব। তাদের ষড়যন্ত্র থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা সম্ভব। কিন্তু নব্য আওয়ামী লীগারদের চেনা কঠিন। তারা আপনজের মত আমাদের ভেতরেই ঘাপটি মেরে আছে। আমাদের চাইতেও তাদের জাতির পিতার প্রতি প্রেম বেশি। অথচ সবই মিথ্যা।

নাসিম আরও বলেন, এখন দেশের সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। যাদের কখনো আওয়ামী লীগের সভা-সমাবেশ দেখিনি, তারাও এখন আওয়ামী লীগ করে। এদের থেকে সাবধান ও সতর্ক থাকতে হবে। এরা ঘাপটি মেরে আছে সুযোগের অপেক্ষায়।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের চক্রান্ত থেমে নেই। তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, এখনো চক্রান্ত করছে। চক্রান্ত হলে ১৪ দল চক্রান্তের বিষদাঁত ভেঙে দেবে। ১৪ দল আওয়ামী লীগ সরকারকে চোখের মণির মতো রক্ষা করবে। আর কোনোদিন যাতে স্বাধীনতাবিরোধীরা এ দেশে ক্ষমতায় আসতে না পারে, সে অঙ্গীকার করতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ১৪ দলের পক্ষ থেকে সমাবেশ করারও ঘোষণা দেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জেপি মহাসচিব শেখ শহিদুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাসদ একাংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান প্রমুখ।

সূত্র– সময় এখন . কম