অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বন্ধুত্ব চার দশকের। তবে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হওয়ায় বাইডেন তাকে এখন কীভাবে নেবেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। খবর সিএনএনের। বাইডেনের বয়স যখন ৪০-এর কোঠায়, তখন তিনি জুনিয়র সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় ইসরাইলি কূটনীতিক হিসেবে বাইডেনের পরিচয় হয় নেতানিয়াহুর।
তখন থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ। ট্রাম্পের মধ্যপ্রাচ্যের নীতি ছিল একপেশে ও ইসরাইলকেন্দ্রিক। ট্রাম্প-নেতানিয়াহুর বন্ধুত্ব বাইডেনের মধ্যপ্রাচ্য নীতিতে কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন ইসরাইলিরা। কারণ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাইডেন বরাবরই বলেছিলেন, তিনি নির্বাচিত হলে মধ্যপ্রাচ্যে মার্কিন নীতিতে ব্যাপক পরিবর্তন আসবে। বিশেষ করে ইসরাইলের অবৈধ বসতি কোনোভাবেই অনুমোদন দেবে না তার প্রশাসন। দ্বিরাষ্ট্রনীতির ভিত্তিতে শান্তিপূর্ণ উপায়ে ইসরাইল-ফিলিস্তিনি সমস্যার সমাধান প্রত্যাশা করেন।



