সেলিম রেজা, মহেশপুর প্রতিনিধিঃ ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সা:-কে নিয়ে কটাক্ষ করে ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে”নবীজির অপমান সইবেনা মুসলমান”এই স্লোগানে ঝিনাইদহের মহেশপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১০ ই নভেম্বর মঙ্গলবার বিকালে উপজেলার শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাওলানা ইমদাদুল ইসলামের সঞ্চালনায় শ্যামকুড় ইউনিয়ন ইমাম মুয়াজ্জিন উলামা কল্যাণ পরিষদের উদ্যোগে কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জুয়েলের সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানুল্লাহ হক,শ্যামকুড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জামিরুল হক,শ্যামকুড় ইউনিয়ন ইমাম মোয়াজ্জিন ওলামা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ইকরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুর রহমান,অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা শাহজাহান,প্রচার সম্পাদক মাওলানা ইমতিয়াজ প্রমুূখ।এছাড়াও ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান রাসুল প্রেমী তৌহিদী জনতা সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত বক্তারা বলেন,
ইসলাম ও নবী বিদ্বেষী ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করা হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক।এতে মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই সংসদে নিন্দা প্রস্তাব পাস ও ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো এবং ফ্রান্সের সাথে বাণিজ্যিক কূটনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং সেখানকার পত্রিকা শর্লী এবদো কর্তৃক বিশ্ব নবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে অবমাননা করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন।
সমাবেশ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি শ্যামকুড় বাজার ও গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ স্থলে এসে শেষ হয়।পরে সমাবেশে আগত তৌহিদী জনতা ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রোঁর কুশপুত্তলিকা দাহ করেন।


