পীরগঞ্জ প্রতিনিধিঃ বিদ্যুৎ সংযোগ পেতে আর মাসের পর মাস ঘুরতে হচ্ছে না ঠাকুরগাওয়ের পীরগঞ্জবাসীকে। পল্লী বিদুৎ সমিতির আলোর ফেরিওয়ালা কার্যক্রমের মাধ্যমে গ্রাহকের বাড়িতে গিয়ে ৫ মিনিটেই দেওয়া হচ্ছে সংযোগ।
পল্লী বিদ্যুতের এ কার্যক্রম এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে। শুধু হঠাৎ করেই নয়, সারা বছর এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি সাধারণ মানুষের। কর্তৃপক্ষ বলছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুরু হওয়া এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং আগামী জুন মাসের মধ্যে সকল সংযোগ প্রদানের কাজ শেষ করা হবে।
ঠাকুরগাও পল্লী বিদ্যুৎ সমিতির পীরগঞ্জ জোনাল অফিস সুত্র জানায়, খুব সহজেই এবং স্বল্প সময়ে বিদ্যুৎ সংযোগ প্রদানের লক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিন ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনায় আলোর ফেরিওয়ালা নামে একটি কার্যক্রম শুরু করেছেন তারা। এ কার্যক্রমের আওতায় বিদ্যুৎ বিভাগের লোকজন গ্রাহকের বাড়ি বাড়ি গিয়ে আবেদন সহ প্রয়োজনীয় ফি জমা নিয়ে তাৎক্ষনিক সংযোগ প্রদান করবে। এতে গ্রাহক হয়রানির হাত থেকে রক্ষা পাবে।
এ কার্যক্রমের আওতায় বৃহস্পতিবার উপজেলার করনাই গুচ্ছগ্রামে ৩০টি পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। সংযোগ প্রদান করতে ঠাকুরগাও পল্লী বিদ্যুতের জিএম আবু আশরাফ মোঃ ছালেহ এর নির্দেশনায় পীরগঞ্জ জোনাল অফিসের উপ-মহা ব্যবস্থাপক মোহাম্মদ শামীম খান, জুনিয়র ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, ওয়েরিং পরিদর্শক রোকনুজ্জান সহ সংশ্লিষ্টরা সকালে ঐ গ্রামে যান। সেখানেই অফিস বসিয়ে আবেদন সহ প্রয়োজনীয় ফি জমা নিয়ে তাৎক্ষনিক সংযোগ প্রদান করেন। জুনিয়র ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম জানান, ঐ এলাকার যেসব মানুষ বিদ্যুৎ সংযোগ নিতে এরই মধ্যে ওয়েরিং করে রেখেছেন তাদেরকেই সংযোগ প্রদান করা হচ্ছে।
কোন রকম ঝামেলা ছাড়াই ভুমিহীনরা ৯’শ ৫০ টাকা এবং সাধারণরা ৪’শ ৫০ টাকা জমা দিয়েই ৫ মিনিটের মধ্যে বিদ্যুৎ সংযোগ নিতে পারছেন। ফি জমা হওয়ার সাথে সাথেই তারা সংযোগ প্রদান করছেন। বৃহস্পতিবার ঐ গ্রামে ভুহিহীন সহ ৩০টি পরিবারে সংযোগ প্রদান করা হয়েছে। এদিকে কোন রকম ঝামেলা ও হয়রানি ছাড়াই বিদ্যুৎ সংযোগ পেয়ে বেশ খুশি ঐ এলাকার লোকজন। নতুন সংযোগ পাওয়া বজলুর , হানিফ, ইউনুস, লাল মোহাম্মদ, ফরিদা বেগম সহ বেশ ক’জন জানান, বিদ্যুতের লাইন পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়। তারা আজ বাড়িতে বসেই সংযোগ পেলেন। এর জন্য তার সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তবে তারা সারা বছরই এ কার্যক্রম
অব্যাহত রাখার দাবী জানান।
পীরগঞ্জ জোনাল অফিসের উপ-মহা ব্যবস্থাপক মোহাম্মদ শামীম খান জানান, আলোর ফেরিওয়ালা কার্যক্রমের আওতায় এরই মধ্যে করনাই গুচ্ছগ্রাম সহ জগথা, মল্লিকপুর, গোদাগাড়ি বাজার ও দস্তপুরে তাৎক্ষনিক ভাবে শতাধিক পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। এটা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তারা চেষ্টা করছেন। তিনি আশা করেন প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুরু হওয়া এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং আগামী জুন মাসের মধ্যে সকল ধরণের বিদ্যুৎ সংযোগ প্রদানের কাজ শেষ করা হবে।



