নিজস্ব প্রতিনিধিঃ তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের সেনেরগাঁতী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) বিধান চন্দ্র ঘোষ(৪২)। চলতি বছরের সেপ্টেম্বর মাসের এমপি ও সীটে তার নাম না থাকায় অভিমানে বিষপান করে আত্নহত্যা করেছেন বলে জানা যায়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম জানান, বিধান চন্দ্র ঘোষ একজন সদালাপী ও আদর্শ শিক্ষক।
তিনি বিদ্যালয়ের ২০০২ যোগদান করে অদ্যাবধি সুনামের সাথে শিক্ষকতা করে আসছিলেন। কিন্তু ২০১৬ সালে বিদ্যালয়ের মিনিস্ট্রি অডিটের সময় তাঁর সনদ সংক্রান্ত ত্রুটি দেখা যায়। তিনি নিয়মিত বেতন ও উত্তোলন করে আসছিলেন।
কিন্তু চলতি বছরের সেপ্টেম্বর মাসের এমপি ও সীটে তার নাম না থাকার বিষয়টি জানাজানি হলে গত ৯ অক্টোবর অনুমান রাত আটটার দিকে অভিমান ও লোক লজ্জার ভয়ে বিধান চন্দ্র ঘোষ বিষপান করেন।
পরিবারের লোকজন তাকে পরবর্তীতে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। কিন্তু আজ সকালে আটটার দিকে তার মৃত্যু হয়।বিধান চন্দ্র ঘোষ দুই পুত্র ছেলের বাবা ছিলেন। তিনি ধানদিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃনাল কান্তি ঘোষের পুত্র। তার মৃত্যুর সংবাদে এলাকার সাধারণ মানুষ ও শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।



